৫০০ টাকা মজুরিসহ চার দাবিতে সিলেটের ২৩ চা বাগানে কর্মবিরতি
Printed Edition
সিলেট ব্যুরো
দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ২০২৩ সালের গেজেট বাতিল এবং ভূমি অধিকার নিশ্চিতসহ চার দফা দাবিতে সিলেটের ২৩টি চা বাগানের শ্রমিকরা প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি শুরু করেছেন। গত বুধবার থেকে শুরু হওয়া এ কর্মসূচি বৃহস্পতিবারও অব্যাহত ছিল।
চা শ্রমিকদের দাবি, বর্তমানে একজন শ্রমিকের দৈনিক মজুরি ১৮৭ টাকা, যা দিয়ে বর্তমান বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে পরিবার পরিচালনা করা কঠিন। এ কারণে তারা দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি জানিয়ে আসছেন।
কর্মসূচির অংশ হিসেবে বুধবার থেকে সিলেট ভ্যালির ২৩টি চা বাগানে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হচ্ছে। মালনীছড়া, লাক্কাতুরা, বুরজান ও খাদিমসহ বিভিন্ন চা বাগানের শ্রমিকরা এতে অংশ নিচ্ছেন।
মালনীছড়া চা বাগানের শ্রমিক ও চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক বলেন, বর্তমান মজুরি দিয়ে একটি শ্রমিক পরিবারকে দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। তাই ৫০০ টাকা দৈনিক মজুরিসহ চার দফা দাবিতে তারা আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বুরজান চা বাগানের শ্রমিক সাইদুল রহমান সোহেল বলেন, দীর্ঘদিন ধরে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন না হওয়ায় অনেক বাগানে ভারপ্রাপ্তদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ে সমস্যা সৃষ্টি হচ্ছে। দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।
লাক্কাতুরা চা বাগানের শ্রমিক রঘু দাস বলেন, বর্তমানে প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হচ্ছে। দাবি বাস্তবায়িত না হলে টানা কর্মবিরতিসহ আরো কঠোর কর্মসূচি নেয়া হতে পারে।