বরিশাল বিভাগের ৬ জেলার দায়িত্ব দুই প্রতিমন্ত্রীর হাতে
Printed Edition
বরিশাল ব্যুরো
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব ৩০ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ক্ষমতাসীন দলের হুইপকে দিয়েছে সরকার। এর মধ্যে বরিশাল বিভাগের ছয় জেলার দায়িত্ব পেয়েছেন দুই প্রতিমন্ত্রী- নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো: রাজীব আহসান এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
গত বৃহস্পতিবার বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৬৪ জেলার জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের নাম উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, মো: রাজীব আহসানকে বরগুনা, পটুয়াখালী ও পিরোজপুর জেলার দায়িত্ব দেয়া হয়েছে। অন্য দিকে আহম্মদ সোহেল মনজুরকে বরিশাল, ঝালকাঠি ও ভোলা জেলার দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রী নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড তদারকি ও সমন্বয় করবেন।