প্রশাসনিক শূন্যতার সুযোগে হাওরের নৌপথে অপরাধের বিস্তার

Printed Edition

আলি জামশেদ বাজিতপুর ও আহসানুল হক জুয়েল নিকলী (কিশোরগঞ্জ)

প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে দীর্ঘস্থায়ী শূন্যতা ও তীব্র লোকবল সঙ্কটের সুযোগে কিশোরগঞ্জের হাওরাঞ্চলের নৌপথে অপরাধের বিস্তার ঘটছে। সাম্প্রতিক সময়ে নৌপথে ডাকাতি, মাদক কারবার ও অবৈধ বালু উত্তোলনের ঘটনা বহুগুণ বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় সাধারণ মানুষ ও আগত পর্যটকরা।

বিশেষ করে নিকলী উপজেলার ঘোড়াউত্রা ও ধনু নদীর বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে অবলীলায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে নামমাত্র জেল-জরিমানা করা হলেও নেপথ্যে থাকা প্রভাবশালী ব্যক্তিরা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। গত ২৭ আগস্ট বালু উত্তোলনের অভিযোগে ড্রেজারসহ কয়েকজনকে আটক করা হলেও রহস্যজনক কারণে মাত্র তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ড্রেজারটির মালিক বাগেরহাটের শরণখোলার বাসিন্দা এবং চালক ফরহাদ হোসেন হলেও নেপথ্যের কারিগরিদের নাম প্রকাশ্যে আনছে না পুলিশ। অভিযোগ রয়েছে, সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম সর্দারসহ স্থানীয় বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিক ও ব্যবসায়ী এ চক্রের সাথে সরাসরি জড়িত। তবে অপরাধীদের রক্ষায় প্রভাবশালী নানা মহল থেকে জোর সুপারিশ অব্যাহত রয়েছে।

নিকলী উপজেলায় বর্তমানে প্রশাসনিক কাঠামো প্রায় ভেঙে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সার্কেল অফিসার, মহিলাবিষয়ক কর্মকর্তা এবং উপজেলার একমাত্র কলেজের অধ্যক্ষের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত ও অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তাদের দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রশাসনিক কার্যক্রম। এর ওপর নৌ-পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চরম জনবল সঙ্কট পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

এই চরম প্রশাসনিক ঢিলেঢালা ভাব ও তদারকির অভাবের সুযোগ নিচ্ছেন অপরাধীরা। গত ২৬ আগস্ট চামড়া বন্দর এলাকা থেকে নৌ-পুলিশ ২৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের সাত হাজার ৫০০ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এর আগে ১৮ আগস্ট চামড়া ঘাটে পর্যটকবাহী ট্রলারে ডাকাতির প্রস্তুতি ভণ্ডুল করে পুলিশ। এ ছাড়া ২৯ জুলাই একটি বাল্কহেডে, ৮ জুলাই ইটনার শেরপুর ব্রিজে এবং ৭ জুলাই বালিখলা থেকে মিঠামইন যাওয়ার পথে একটি লাশবাহী ট্রলারে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে।

এদিকে গত ২৭ আগস্ট সকালে ইটনার এলেনজুড়ি এলাকা থেকে নৌপথে চাঁদাবাজির অভিযোগে বাবর আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। সার্বিক বিষয়ে বক্তব্য জানতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক সোহানা নাসরিনের সরকারি নম্বরে একাধিকবার কল করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।