খানাখন্দে মরণফাঁদ রাজাপুর-বাদুরতলা লঞ্চঘাট সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

Printed Edition

এনামুল হক রাজাপুর (ঝালকাঠি)

ঝালকাঠির রাজাপুর উপজেলার গুরুত্বপূর্ণ রাজাপুর-বাদুরতলা লঞ্চঘাট সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গেছে। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনেও সড়কটি সংস্কারে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোডাউন এলাকা থেকে পূর্ব দিকে বাদুরতলা লঞ্চঘাট পর্যন্ত বিস্তৃত সড়কটি প্রায় পাঁচ বছর আগে সর্বশেষ সংস্কার করা হয়। এরপর নিয়মিত মেরামত না হওয়ায় বর্তমানে সড়কটির প্রায় পুরো অংশই বেহাল হয়ে পড়েছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে থাকায় সড়কের ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। এতে ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার ঝুঁকিতে চলাচল করছে।

সড়কটিতে নিয়মিত চলাচলকারী ইজিবাইকচালক ইমরান ও মিজান বলেন, প্রতিদিন প্রায় তিন শতাধিক ইজিবাইক এ সড়ক দিয়ে যাত্রী পরিবহন করে। বড় বড় গর্তের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। বৃষ্টির সময় পানি জমে গেলে দুর্ঘটনার ঝুঁকি আরো বেড়ে যায়।

নিয়মিত যাত্রী মুক্তা ও লাবনী বলেন, পড়াশোনা ও জরুরি প্রয়োজনে প্রায় প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। ভাঙা সড়কের কারণে যাত্রাপথে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অসুস্থ রোগীদের হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয় বলে স্থানীয়রা জানান।

ভুক্তভোগী যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা দ্রুত জনগুরুত্বপূর্ণ সড়কটি টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস এম জিয়াউল হক বলেন, সড়কটির বেহাল অবস্থার বিষয়টি কর্তৃপক্ষের নজরে রয়েছে। সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত মেরামত কাজ শুরু করা হবে।