ধামরাইয়ে এনসিপি প্রার্থী নাবিলাকে ফের সমর্থন
Printed Edition
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
ঢাকা-২০ (ধামরাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদকে ঘিরে সৃষ্ট অভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটেছে। একসময় অবাঞ্ছিত ঘোষণা করা হলেও এখন তাকে পুনরায় সমর্থনের ঘোষণা দিয়েছে দলটির স্থানীয় নেতৃত্ব।
গত সোমবার সন্ধ্যায় ধামরাই থানা বাসস্ট্যান্ড এলাকার মনোয়ার কমপ্লেক্সে এনসিপির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সমঝোতার ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির প্রধান সমন্বয়কারী, ঢাকা জেলা ও কেন্দ্রীয় কমিটির সংগঠক মো: রাসেল মোল্লা। তিনি বলেন, নির্বাচনী ঐক্যের স্বার্থে দলের ভেতরে যেকোনো ভুল বোঝাবুঝি দূর করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।
ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বলেন, স্থানীয় নেতাদের সাথে সম্পর্কের অবনতি দূর করে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সমঝোতা। তিনি জানান, গত ১৫ জানুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৫৩টি সংসদীয় আসনে ১০ দলের নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয়। সেই ধারাবাহিকতায় তিনি ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এখন স্থানীয় নেতারাও তার পক্ষে একাত্মতা প্রকাশ করেছেন।
এনসিপির ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল হোসেন খোকন বলেন, কেন্দ্রীয় নেতাদের সাথে কিছু ভুল বোঝাবুঝির কারণে এর আগে নাবিলা তাসনিদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। তবে সেই বিভ্রান্তি এখন দূর হয়েছে।