মিরাজের সামনে নতুন চ্যালেঞ্জ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আবার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের। ইতোমধ্যে ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিরাজ। গতকাল সকালের একটি ফ্লাইটে হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন মিরাজ। সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে সিপিএল খেলবেন তিনি।
ভেরিফাইড ফেসবুক পেজে নিজের একটি ছবি পোস্ট করে মিরাজ ক্যাপশনে লিখেছেন, ‘নতুন চ্যালেঞ্জ নিতে ক্যারিবিয়ানে, সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ক্যারিবিয়ান অভিযানে নামতে প্রস্তুত।’
সিপিএলের অভিজ্ঞতা মিরাজের জন্য অবশ্য এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে আসরে তাকে দলে টেনেছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে সেবার একটি ম্যাচও খেলা হয়নি মিরাজের। এবার গায়ানার হয়ে ক্যারিবীয় টুর্নামেন্টটিতে অভিষেকের সুযোগ তাঁর সামনে।
আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবির বদলি হিসেবে মিরাজকে নিয়েছে গায়ানা। ভারতের বিপক্ষে টি-২০ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ছেড়েছেন নবি। এবারের সিপিএলে দারুণ সময় কাটছে গায়ানার। টেবিলের দুইয়ে অবস্থান করছে ফ্র্যাঞ্চাইজিটি। ৫ ম্যাচে শতভাগ জয় তুলে নেয়া গায়ানার সংগ্রহ ১০ পয়েন্ট। ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
সবশেষ ম্যাচে গতকাল জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে গায়ানা। নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ৭ সেপ্টেম্বর সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে মাঠে নামবে তারা।