ক্রিকেট শিখতে চীনা দল বিকেএসপিতে
Printed Edition
সাভার (ঢাকা) সংবাদদাতা
বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এক্সচেঞ্জ ট্রেনিং প্রোগ্রামে অংশ নিতে গতকাল চীনের বিশ্ববিদ্যালয়টির ১৪ সদস্যের একটি দল বিকেএসপিতে এসে পৌঁছেছে। বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো: আশরাফুজ্জামান এতথ্য জানান। বিকেএসপিতে আগত দলটিকে স্বাগত জানান বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইফ উল্লাহ। এ সময় তিনি চীনা প্রতিনিধিদলের সদস্যদের সাথে মতবিনিময় করেন।
চীনা প্রতিনিধিদলে রয়েছেন ১১ জন ক্রিকেট প্রশিক্ষণার্থী, দু’জন প্রশিক্ষক (একজন তাইচি ও একজন ক্রিকেট) এবং একজন দোভাষী। সমঝোতা স্মারকের আওতায় দুই সপ্তাহব্যাপী এই বিকেএসপির বিশেষজ্ঞ প্রশিক্ষকরা ইউইনান মিনজু বিশ্ববিদ্যালয়ের ১১ জন প্রশিক্ষণার্থীকে ক্রিকেটের বিভিন্ন কৌশল ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করবেন।
অন্য দিকে, চীনা বিশ্ববিদ্যালয় থেকে আগত দু’জন তাইচি প্রশিক্ষক বিকেএসপির উশু বিভাগের প্রশিক্ষণার্থীদের তাইচি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করবেন। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী ও কোচদের মধ্যে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।