তিন মাসের বেতন দিতে হবে জেরার্ডকে
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
দুই বছরের চুক্তি ছিল বৃটিশ কোচ জেরার্ড জোন্সের সাথে। কিন্তু সহকারী কোচ মিশুর সাথে হাতাহাতি, ফেসবুকে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক স্ট্যাটাস দেয়া এবং সর্বশেষ এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল বাছাই পর্বে দুই ম্যাচেই হার। তাই জেরার্ডের সাথে চুক্তি বাতিল করে তাকে বরখাস্ত করা হয়। সাধারনত: চুক্তি বাতিল করতে হলে পুরো চুক্তির মেয়াদের বেতনই দিতে হয়। তবে জেরার্ড সেই সুবিধা নিতে পারছেন না। তাকে তিন মাসের অগ্রিম বেতন দিতে হবে। এমনই শর্ত আছে চুক্তিতে। এর আগে হাভিয়ার কাবরেরার সময় ছিল ৪৫ দিনের বেতন। বাফুফে সেক্রেটারী ইমরান হোসেন তুষার জানান এই তথ্য। এদিকে আজ ভারতের বিপক্ষে বাংলাদেশের নিয়মরক্ষার ম্যাচ। যদিও ভারতের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ন। আজ বিকেল পাঁচটায় উজবেকিস্তানের তাশখন্দে শুরু হওয়া ম্যাচে যদি তারা বাংলাদেশকে হারাতে পারে তাহলে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে খেলার সম্ভাবনা তৈরী করবে। প্রথম ম্যাচে সিরিয়াকে ১-০তে হারানো ভারত পরের খেলায় ০-৪ গোলে হেরেছিল উজবেকিস্তানের কাছে।
কোচ জেরার্ড শুধু হাতাহাতি করেই ক্ষান্ত হননি মিশুর সাথে। তাকে ম্যাচের সময় ডাগ আউটে বসতে দিতেন না। অনুশীলনেও মিশু থাকতেন দর্শকের ভ’মিকায়। তাকে অনুশীলনেও কোনো কাজ করতে দিতেন না এই বৃটিশ। এই তামাশার পর দলও দুই ম্যাচে হেরে বাদ পড়ে। তাই জেরার্ডকে বরখাস্ত করে জাতীয় দলের সাবেক ডিফেন্ডার আতিকুর রহমান মিশুকে হেড কোচের দায়িত্ব দেয়া হয়েছে আজকের ম্যাচের জন্য। ফলে এই প্রথম যে কোনো লেভেলের জাতীয় দলের ডাগ আউটে হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মিশু।
এই ম্যাচটি মিশুর জন্যও চ্যালেঞ্জের। ভারতের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। এটি মর্যাদার বিষয়। এই ভারতীয় দলকে সর্বশেষ অনূর্ধ্ব-২০ সাফে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই সময় সহকারী কোচ ছিলেন মিশু।