নারী ক্রিকেটে সর্বোচ্চ রান মান্ধানার
Printed Edition
ক্রীড়া ডেস্ক
নারী আন্তর্জাতিক ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন ভারতের তারকা ব্যাটার স্মৃতি মন্ধানা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত নারী এশিয়া কাপের ম্যাচে হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে নারী আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতীয় এ ব্যাটার। বর্তমানে তার রান ১০,৮৮০।
বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে মাত্র ৬৪ বলে ১২৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মন্ধানা। তার এ ইনিংসের মধ্য দিয়ে তিনি ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মিতালি রাজকে পেছনে ফেলেছেন। মিতালির দখলে ছিল নারী আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১০ হাজার ৮৬৮ রানের রেকর্ড।
শুধু সর্বোচ্চ রান সংগ্রাহকই নন, নারী আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির নতুন রেকর্ডও গড়েছেন ভারতের সহ-অধিনায়ক। তিন সংস্করণ মিলিয়ে এখন তার সেঞ্চুরি সংখ্যা ১৮টি। এর আগে অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ১৭টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন।
২০১৩ সালে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মন্ধানা গত বছর টি-২০তেও প্রথম সেঞ্চুরি করে ভারতের প্রথম নারী ক্রিকেটার হিসেবে তিন সংস্করণেই আন্তর্জাতিক সেঞ্চুরির কীর্তি গড়েন। তার রয়েছে টেস্টে দু’টি, টি-২০তে দু’টি এবং ওয়ানডেতে ১৪টি সেঞ্চুরি।
হংকংয়ের বিপক্ষে মন্ধানার ইনিংসে ছিল ১৪টি চার ও সাতটি ছক্কা। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভারত পাঁচ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে। জবাবে হংকংকে মাত্র ৫৬ রানে অলআউট করে ১৩৭ রানের বড় জয় তুলে নেয় ভারত এবং নিশ্চিত করে এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা। ম্যাচ শেষে মন্ধানা বলেন, রেকর্ড গড়ার বিষয়টি ব্যাটিংয়ের সময় তিনি জানতেন না। তবে মিতালি রাজকে তিনি কিংবদন্তি ও নিজের আদর্শ হিসেবে উল্লেখ করেন।