কোচ জেরার্ডকে বহিষ্কার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সকে শেষ পর্যন্ত বহিষ্কার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরশু এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবলে সিরিয়ার কাছে হারের ফলে আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ। এর পরপরই এই বিতর্কিত কোচকে আর দায়িত্বে রাখা সমীচীন মনে করেনি বাফুফে। তার সাথে বাফুফের করা চুক্তিও বাতিল করা হয়েছে। উজবেকিস্তানের মাঠে টানা দুই হার বাংলাদেশ দলের। প্রথম ম্যাচে উজবেকদের কাছে ০-২ গোলে হারের পর ফিরতি ম্যাচে ০-৩ গোলে হার সিরিয়ার কাছে। ফলে আগামীকাল বাংলাদেশ দলের নিয়মরক্ষার ম্যাচ ভারতের সাথে সাথে। সেই ম্যাচে হেড কোচের দায়িত্ব পালন করবেন আতিকুর রহমান মিশু। এই মিশুর সাথে হাতাহাতি করে এরপর হোটেলে পুলিশ ডেকেছিলেন এই জেরার্ড জোন্স। এরপর তিনি বিষয়টি নিজ দেশের নিরাপত্তাবাহিনীকেও জানায়। এর আগে বাংলাদেশ নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেছিলেন।

উজবেকিস্তান যাওয়ার আগেই হোটেলে মিশুর সাথে হাতাহাতি করেন তিনি। বাফুফের উচিত ছিল তখনই তাকে বহিষ্কার করা। জানা গেছে, বাফুফে ঘটনার পরপরই ছুড়ে ফেলতে চেয়েছিল জেরার্ডকে; কিন্তু হঠাৎ সেই সিদ্ধান্তে পিছুটান। আশা ছিল, তার কোচিংয়ে দল কোয়ালিফাই করবে তাশখন্দের মাঠে; কিন্তু না হওয়ায় তাকে সেখানেই বিদায় বলে দেয়া হয়েছে।

এখন ভবিষ্যতে বাফুফেকে বিদেশী কোচ নিয়োগ দেয়ার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে।

এর আগে জাতীয় দলের ক্যাম্পে বল বয় মহসিনকে মেরেছিলেন ভারতীয় কোচ সৈয়দ নঈমুদ্দিন।