লিড নিয়েও হার বাংলাদেশের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
জুনিয়র এশিয়া কাপ হকিতে চীনের কাছে হেরেছে বাংলাদেশ। গতকাল ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘পুল বি’-এর রোমাঞ্চকর ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ অনুর্ধ্ব- ২০ হকি দল। পুরো ম্যাচ জুড়েই দুই দলের মধ্যে ছিল সমানে-সমান লড়াই।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ অত্যন্ত আক্রমণাত্মক হকি উপহার দেয়। প্রথম কোয়ার্টার ১-১ সমতায় শেষ হওয়ার পর, দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ দুর্দান্ত এক ফিল্ড গোল করে ২-১ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে। বাংলাদেশের পক্ষে গোল দুটি করেন জনি ইসলাম ও মেহেদী হাসান অভি।
তবে বিরতির পর স্বাগতিক চীন ম্যাচে জোরালোভাবে ফিরে আসে। ম্যাচের ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ২-২ গোলের সমতায় ফেরে চীন। শেষ কোয়ার্টারে (৫৩ মিনিটে) আরও একটি ফিল্ড গোল করে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
ম্যাচে হারলেও বাংলাদেশের যুবারা তাদের অসাধারণ ফাইটিং স্পিরিট এবং চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে গ্যালারির দর্শকদের মন জয় করে নিয়েছে। এদিকে নারী অনূর্ধ্ব-২০ হকিতে আজ বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।
বাংলাদেশ হকি ফেডারেশন এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দলের অধিনায়কের নাম ঘোষণা করেছেন। গেমসে লাল-সবুজের নেতৃত্ব দিবেন রোমান সরকার। তার সহকারী আমিরুল ইসলাম।