আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্টিনেল্লি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি সৌদি প্রো লিগের ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন। প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল বৃহস্পতিবার রাতে ২৫ বছর বয়সী এ তারকার দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বকাপে জাপানের বিপক্ষে ৯৫ মিনিটে গোল করে দলকে জয় এন দিয়েছিলেন তিনি।

দলবদলের কোনো লেনদেনের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মার্টিনেল্লিকে দলে নিতে আল-হিলাল নিশ্চিতভাবে ছয় কোটি পাউন্ড (প্রায় আট কোটি ১০ লাখ ডলার) খরচ করেছে। এর ফলে আর্সেনাল থেকে বিক্রি হওয়া সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন মার্টিনেল্লি। এর আগে ২০১৭ সালে অ্যালেক্স অক্সলেড- চেম্বারলেনকে তিন কোটি ৫০ লাখ পাউন্ডে লিভারপুলের কাছে বিক্রি করেছিল আর্সেনাল।

আল-হিলালের সাথে চার বছরের চুক্তি করেছেন মার্টিনেল্লি। সৌদি ক্লাবটিতে তিনি যোগ দেবেন ইংল্যান্ডের স্ট্রাইকার অলি ওয়াটকিন্সের সাথে। অ্যাস্টন ভিলা থেকে আনুমানিক পাঁচ কোটি ১০ লাখ পাউন্ডে আল-হিলালে যোগ দিয়েছেন ওয়াটকিন্স। সৌদি প্রো লিগে বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর আল-নাসরের সাথে যৌথভাবে শীর্ষে রয়েছে আল-হিলাল। গত মৌসুমে আর্সেনালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচ খেলেছেন মার্টিনেল্লি, গোল করেছেন ১১টি। আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ক্লাবটির হয়ে প্রায় ৩০০ ম্যাচে তার গোলসংখ্যা ৬২। এ সময়ে তিনি ২০২০ সালের এফএ কাপ ও ২০২৩ সালের কমিউনিটি শিল্ডও জিতেছেন।

তবে চলতি মৌসুমের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে জায়গা পাননি মার্টিনেল্লি। কোচ মিকেল আতেতা ইঙ্গিত দিয়েছিলেন, আর্সেনালে থাকলে নিয়মিত খেলার সুযোগ পাওয়া কঠিন হবে তার।

মার্টিনেল্লির আগে একই পজিশনের লিয়ান্দ্রো ট্রসার্দও বেসিকতাসে যোগ দিয়েছেন। ফলে আর্সেনালের আক্রমণভাগের বাম পাশে খেলোয়াড় সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যদিও ক্লাব ব্রুজ থেকে ক্রিস্টোস জোলিসকে দলে নিয়েছে আর্সেনাল।