জভেরেভের কষ্টার্জিত জয়
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইউএস ওপেনের পুরুষ এককে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই আলেক্সান্ডার জভেরেভ। কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে ম্যাচে জয় পান জার্মান এ তারকা। তবে একই দিনে বিদায় নিতে হয়েছে তৃতীয় বাছাই ফেলিক্স অজে-আলিয়াসিম, ষষ্ঠ বাছাই অ্যালেক্স ডি মিনর ও ১৩তম বাছাই লরেঞ্জো মুসেত্তিকে।
আরথার অ্যাশ স্টেডিয়ামে ফরাসি কোয়েন্টিন হালিসকে ৬-৪, ৪-৬, ৭-৬ (৭/৩), ৬-৭ (৩/৭), ৬-৩ গেমে হারান জাভেরেভ। ম্যাচটি শেষ হয় শুক্রবার ভোর ২টা ১৫ মিনিটে। চার ঘণ্টা ৩৩ মিনিটের এ ম্যারাথন লড়াইয়ে জয় পেলেও নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন না জার্মান তারকা।
ম্যাচ শেষে জভেরেভ বলেন, তার পারফরম্যান্স ভালো ছিল না, তবে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শারীরিকভাবে তিনি ভালো আছেন বলেও জানান। প্রথম রাউন্ডেও পাঁচ সেটের কঠিন ম্যাচ খেলেছিলেন তিনি। ফলে টানা দুই ম্যাচে দীর্ঘ সময় কোর্টে থাকতে হয়েছে এ তারকাকে।
অন্য দিকে ৫০তম র্যাঙ্কিংধারী রাশিয়ান কারেন খাচানভের কাছে ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-২, ৬-২ গেমে হেরে বিদায় নেন অজে-আলিয়াসিম। শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কানাডিয়ান এ খেলোয়াড়। তিনি জানান, মাথা ঘোরা এবং চোখে ঝাপসা দেখার সমস্যা হচ্ছিল। ম্যাচে ৪৭টি আনফোর্সড এরর ও আটটি ডাবল ফল্টও করেন তিনি।
ডি মিনরকে ৬-৪, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে তৃতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছেন নেদারল্যান্ডসের বোটিক ভান দে জান্ডসখুল্প। এর আগে ২০২৪ ইউএস ওপেনেও বড় অঘটন ঘটিয়ে দ্বিতীয় রাউন্ডে কার্লোস আলকারাজকে হারিয়েছিলেন তিনি।
আরেক অঘটনে ১২৩তম র্যাঙ্কিংধারী অস্ট্রেলিয়ার ডেন সুইনি ১৩তম বাছাই মুসেত্তিকে ৩-৬, ৬-১, ৬-২, ৬-২ গেমে হারিয়ে প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ডে উঠেছেন।
নারী এককে অবশ্য বড় তারকারা এগিয়ে গেছেন। ২০২৩ সালের চ্যাম্পিয়ন কোকো গফ হারিয়েছেন পাওলা বাদোসাকে। ইগা সিয়নতেক হারিয়েছেন নাদিয়া পোদোরোস্কাকে। দুইবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন নাওমি ওসাকা হারিয়েছেন কাতেরিনা সিনিয়াকোভাকে। এ ছাড়া এলেনা রিবাকিনা ও মিরা আন্দ্রেয়েভাও তৃতীয় রাউন্ডে উঠেছেন।
এ দিকে ২০ বছর বয়সী লার্নার টিয়েন ৪০ বছর বয়সী গায়েল মঁফিলসকে হারিয়েছেন। এ পরাজয়ে গায়েল তার গ্র্যান্ড স্লাম ক্যারিয়ারে ইতি টেনেছেন। বিদায়ী ম্যাচে নিউ ইয়র্কের দর্শকদের আবেগঘন ভালোবাসাও পেয়েছেন ফরাসি এ তারকা।
এ দিকে ইউএস ওপেনে ইনফ্লুয়েন্সারদের উপস্থিতি নিয়ে টেনিসে শিষ্টাচার বিতর্ক শুরু হয়েছে। নিউ ইয়র্কের ইউএস ওপেনে প্রায় ১০০ জন ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরকে এবার স্বীকৃতি দেয়ায় টেনিসের শিষ্টাচার নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। গত বছরের তুলনায় এ সংখ্যা দ্বিগুণ। টেনিসকে নতুন দর্শকের কাছে জনপ্রিয় করার উদ্যোগকে স্বাগত জানালেও ম্যাচ চলাকালে খেলোয়াড়দের প্রতি যথাযথ সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন কয়েকজন তারকা।
বিশ্ব র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে থাকা কোকো গফ মনে করেন, নতুন শ্রেণীর দর্শক টেনিসের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। তবে খেলাটির প্রচলিত নিয়ম ও শিষ্টাচার মেনে চলার ওপর জোর দিয়েছেন তিনি। তার মতে, কোনো অনুষ্ঠানে গেলে যেমন উপযুক্ত পোশাক পরা হয়, টেনিস ম্যাচেও তেমনি খেলাটির পরিবেশকে সম্মান করা উচিত।