আন্তর্জাতিক ফুটবলকে বিদায় লরেন্তের

Printed Edition

ক্রীড়া ডেস্ক

স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মার্কোস লরেন্তে। ৩১ বছর বয়সী এ মিডফিল্ডার জানিয়েছেন, অনেক ভেবেচিন্তেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০২০ সালের নভেম্বরে তৎকালীন কোচ লুইস এনরিকের অধীনে স্পেন জাতীয় দলে অভিষেক হয় লরেন্তের। এরপর দেশের হয়ে ২৭টি ম্যাচ খেলেছেন তিনি। ইউরো ২০২০ এবং দু’টি বিশ্বকাপেও স্পেনের প্রতিনিধিত্ব করেছেন অ্যাথলেটিকো মাদ্রিদের এ তারকা।

২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ী দলের সাথে ছিলেন লরেন্তে। টুর্নামেন্টে তিনটি ম্যাচে মাঠে নামেন তিনি। কেপ ভার্দে ও উরুগুয়ের বিপক্ষে শুরু থেকেই খেলেন, আর ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে বদলি হিসেবে মাঠে নামেন। শেষ পর্যন্ত স্পেন বিশ্বকাপের শিরোপা জিতে নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে লরেন্তে বলেন, জাতীয় দলের সাথে নিজের সময় শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার ভাষ্য, বয়স মাত্র ৩১ হওয়ায় চাইলে আরো কয়েক বছর জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ ছিল। তবে বিশ্বকাপে সুযোগ পাওয়া বা স্পেনের শিরোপা জেতার ওপর তার সিদ্ধান্ত নির্ভর করেনি।

লরেন্তে বলেন, এটি সম্পূর্ণ ব্যক্তিগত ও হৃদয় থেকে নেয়া সিদ্ধান্ত, যা তিনি অনেক ভেবেচিন্তে নিয়েছেন। বাইরে থেকে অনেকের কাছে সিদ্ধান্তটি বোধগম্য নাও হতে পারে বলেও স্বীকার করেন তিনি।

কয়েক মাস ধরেই ফুটবলে নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলছিলেন লরেন্তে। এর আগে তিনি জানিয়েছিলেন, শারীরিকভাবে আর খেলতে না পারার কারণে অবসর নেয়া খেলোয়াড়দের মতো তিনি হতে চান না। বরং একসময় ফুটবলের সাথে যুক্ত বিষয়গুলো আর তাকে আনন্দ না দিলে সরে দাঁড়াবেন।

লরেন্তে আরো বলেছেন, ফুটবল তার জীবনের কেন্দ্র নয়; তার কাছে নিজের স্বাস্থ্য ও ব্যক্তিগত জীবন বেশি গুরুত্বপূর্ণ। ক্লাব ফুটবলে এখন তার সবচেয়ে বড় লক্ষ্য অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা।