আট দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিক
Printed Edition
ক্রীড়া ডেস্ক
প্রথম শ্রেণীর ক্রিকেটে আট দিনের ব্যবধানে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে বিরল কীর্তি গড়েছেন ইংলিশ পেসার হেনরি ক্রোকোম্বে। মাত্র ২৪ বছর বয়সী এই পেসার এমন কীর্তি গড়েছেন, যা প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে এর আগে দেখা গেছে মাত্র ছয়বার।
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সমারসেটের বিপক্ষে গত সপ্তাহে প্রথম হ্যাটট্রিকটি করেন ক্রোকোম্বে। ম্যাচে সমারসেটের প্রথম ইনিংসের ৫৮তম ওভারের চতুর্থ বলে ক্রেগ ওভারটনকে আউট করার পর পরের দুই বলে মিগায়েল প্রিটোরিয়াস ও জ্যাক লিচকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। ওই ইনিংসে ১৪ ওভারে ৫৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন সাসেক্সের এই পেসার।
এর মাত্র আট দিন পর এসেক্সের বিপক্ষেও একই কীর্তি পুনরাবৃত্তি করেন ক্রোকোম্বে। হ্যাটট্রিকসহ ৩৯ রানে ৫ উইকেট নেন তিনি।