সাফ কোটায় ১৯ জন বিদেশী ৪৮ জন
বাংলাদেশ ফুটবল লিগের দলবদল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
শেষ পর্যন্ত ১৩ দল নিয়েই হতে যাচ্ছে এবারের বাংলাদেশ ফুটবল লিগ। গত পরশু ছিল ফুটবলারদের দলবদলের নির্ধারিত শেষ দিন। এতে ১৩ দলের সবাই তাদের খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করিয়েছে। দুই দিন আগে ফিফার নিষেধাজ্ঞা মুক্ত হয়েছিল ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুল। তবে এখনো নিশ্চিত নয় কবে শুরু হবে এবারের বাংলাদেশ ফুটবল লিগ ও ফেডারেশন কাপ। বাফুফে ক্ল¬াবগুলোতে ১৮ সেপ্টেম্বর থেকে লিগ খেলতে এবং ২২ সেপ্টেম্বর থেকে ফেডারেশন কাপ খেলার জন্য চিঠি দিয়েছে। তবে ক্লাবগুলোর ক্যাম্প শুরু করতে যে গাছাড়াভাব, তাতে মনে হচ্ছে বাফুফের পক্ষে এই সময়ে খেলা শুরু করা সম্ভব হবে না। এ দিকে ফুটবলারদের রেজিস্ট্রেশন শেষে দেখা গেছে- এবার সাফ কোটার বিদেশী হিসেবে খেলতে যাচ্ছেন ১৯ ফুটবলার, যাদের লোকাল নামেই খেলতে হবে। আর বিদেশী হিসেবে নিবন্ধন করা হয়েছে ৪৭ জনকে। অর্থাৎ এই ৬৬ জন বিদেশীর কারণে সাইড বেঞ্চে বসে থাকতে হবে সম সংখ্যক স্থানীয় ফুটবলারকে।
দেশী ফুটবলাররা বেশি টাকা চায়। তাদের এই উচ্চ চাহিদা কমাতেই সাফ কোটার বিদেশী ফুটবলারদের দেশী হিসেবে খেলার রাস্তা করে দেয়া হয় বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল)। আরেকটি উদ্দেশ্য ছিল বিপরীতে বাংলাদেশী ফুটবলাররা খেলবে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের লিগে। অথচ বাংলাদেশী খেলোয়াড়দের মধ্যে তারিক কাজীই ভুটান লিগে খেলার সুযোগ পেয়েছেন। আর কেউই সাফের অন্য কোনো দেশে খেলার সুযোগ পাননি। বাফুফের এই সিদ্ধান্তের ফলে নেপালি ফুটবলারদের হাট বসেছে বিএফএলে। বঞ্চিত দেশী খেলোয়াড়রা। অবশ্য বাফুফের যুক্তিও আছে। তাদের মতে, যে দেশী ফুটবলাররা নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানি ফুটবলারদের টপকে একাদশে জায়গা করতে পারে না তারা কিভাবে আকাশচুম্বী পারিশ্রমিক দাবি করে।
সাফ কোটায় নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানিদেরই নেয়ার সুযোগ। প্রতি দলে তিনজন করে সাফ কোটার এবং চারজন করে বিদেশী নেয়ার নিয়ম করে দিয়েছে ফেডারেশন। এতে এবার সর্বোচ্চ তিনজন করে সাফ ফুটবলার নিয়েছে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, তৃতীয় হওয়া ফর্টিস এফসি এবং ব্রাদার্স ইউনিয়ন। দুইজন করে আছে নবাগত চট্টগ্রাম সিটি এফসি, সিটি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, ওয়ান্ডারার্স ক্লাবে। একজন করে সাফ কোটার ফুটবলার রানার্সআপ ঢাকা আবাহনী ও পিডব্লিউডিতে। তিন ক্লাব সাফ কোটার কোনো খেলোয়াড়ই নেয়নি। এরা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড , আরামবাগ ক্রীড়া সঙ্ঘ ও বাংলাদেশ পুলিশ।
চার বিদেশীও নিতে পারেনি সব ক্লাব। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, সিটি ক্লাব, পিডব্লিউডি ওয়ান্ডারার্স ও রহমতগঞ্জ তিনজন করে বিদেশী নিতে পেরেছে। বসুন্ধরা কিংসে অবশ্য ফিরে এসেছে তাদের ব্রাজিলিয়ান রবসন রবিনহো। আবাহনীর বিদেশীদের মধ্যে আছেন ২০১৪ বিশ্বকাপে খেলা মাইকেল বাবাতুন্দে। এবারের লিগে তিনিই সবচেয়ে বড় তারকা।
এবারের লিগে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন জার্মানি ও আয়ারল্যান্ডের ফুটবলার। ব্রাদার্সে আয়ারল্যান্ডের ফুটবলার এবং পিডব্লিউডিতে জার্মানির ফুটবলার খেলবেন।
মোহামেডানের চার বিদেশীই ক্লাবের পূর্বপরিচিত। মালির সোলেমান দিয়াবাতে আবাহনী থেকে ফিরে এসেছেন। উজবেকিস্তানের মোজাফফরভ থেকে গেছেন। বসুন্ধরা কিংস থেকে চলে এসেছেন সানডে ও ইমানুয়েল টনি।
বিদেশী ফুটবলার হলেই হয় না। তাদের মান কাক্সিক্ষত মাত্রায় থাকতে হয়। আবার এই বিদেশীরা বকেয়া টাকা না পেলে ফিফা পর্যন্ত নালিশ করে। তিন ক্লাব বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী এবং ইয়ংম্যান্স ক্লাব ফকিরেরপুলের ওপর ফিফার নিষেধাজ্ঞা ছিল এই বিদেশীদের টাকা বকেয়া পড়ায়।
এ দিকে সব ক্লাব নির্ধারিত ৩৫ ফুটবলারকে রেজিস্ট্রেশন করাতে পারেনি। দর্শকপ্রিয় ক্লাব ঢাকা আবাহনী ৩০ ফুটবলারের নাম রেজিস্ট্রেশন করাতে পেরেছে। চট্টগ্রাম সিটি এফসি ৩৪ জনকে, রহমতগঞ্জ ৩২ জনকে, পুলিশ ৩৪ জনকে, ফর্টিস এফসি ৩৩ জনকে নিবন্ধন করিয়েছে।
নবাগত চট্টগ্রাম সিটি এফসি দলে টেনেছে বয়সভিত্তিক জাতীয় দলে খেলা সারোয়ার জামান নিপুকে। এ ছাড়া জাতীয় দল থেকে বাদ পড়া স্ট্রাইকার সুমন রেজা, মিডফিল্ডার জাফর ইকবাল বর্তমান জাতীয় দলের ফরোয়ার্ড মিনহাজুল করিম স্বাধীন এবার খেলবেন তাদের দলে। মিসরীয় মিডফিল্ডার মোস্তফা মাহমুদ এবার চট্টগ্রামের ক্লাবটিতে।
নবাগত সিটি ক্লাবে আছেন গাম্বিয়ার স্ট্রাইকার সলোমন কিং, ফর্টিসের নাইজেরিয়ান স্ট্রাইকার ওকাফোর, ব্রাদার্সের হয়ে গত লিগ মাতাতো পাকিস্তানি স্ট্রাইকার শায়েক দোস্ত। মোহামেডানের গোলরক্ষক সাকিব আল হাসান এবার এই ক্লাবে। জাতীয় দল থেকে বাদ পড়া পিয়াস নোভা এবং বর্তমান জাতীয় দলের ফরোয়ার্ড রফিকুল ইসলামও এবার এই দলের জার্সি পরবেন।
জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া রয়ে গেছেন ব্রাদার্সেই। তাদের কোচ গাম্বিয়ার ওমর সিসেই। তবে টেকিনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিয়েছেন শেখ জাহিদুর রহমান মিলন।