সংক্ষিপ্ত সংবাদ
Printed Edition
তীব্র গ্যাসের গন্ধে অসুস্থ ৩৯
ময়মনসিংহ নগরীতে একটি পুরনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো অগ্নিকাণ্ড না ঘটলেও সিলিন্ডার থেকে তীব্র গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে। গত সোমবার রাতে নগরীর গুলপুকুরপাড় এলাকার মৈত্রী টাওয়ারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর নির্গত গ্যাসের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে শ্বাসকষ্ট ও মাথা ঘোরায় অসুস্থ হয়ে পড়েন। তীব্র গন্ধে অসুস্থ অন্তত ৩৯ জনকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশির ভাগই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও কয়েকজন এখনো চিকিৎসাধীন এবং একজনের অবস্থা গুরুতর। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানে আলম জানান, সিলিন্ডার কাটার সময় গ্যাস লিকেজ থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়মনসিংহ অফিস।
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি জেলা প্রশাসন এবং বরিশাল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপমহাপরিদর্শকের কার্যালয় যৌথভাবে এই সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিভিল সার্জন ডা: মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুল ইসলাম মজুমদার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিরোধ বরণ জয়ধর এবং জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা। বক্তারা ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের সম্পৃক্ততা পুরোপুরি বন্ধ করা, শিশুদের বাধ্যতামূলক শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং একটি শিশু শ্রমমুক্ত সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ঝালকাঠি প্রতিনিধি।
বাবা ও ৫ ছেলেসহ ৮ জনের যাবজ্জীবন
টাঙ্গাইলে জমিজমার সীমানা বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মামলায় বাবা ও তার পাঁচ ছেলেসহ আট আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গত রোববার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক ফয়সাল আল মামুন এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- দবির উদ্দিন (৬৫), তার পাঁচ ছেলে রফিক, তোফাজ্জল, ময়দান, হাসেম ও আবদুর রহমান, হাসেমের স্ত্রী শিল্পী বেগম এবং প্রতিবেশী হযরত আলী। রায় ঘোষণার সময় পলাতক হাসেম ছাড়া বাকি সবাই আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্র জানায়, ২০২২ সালের ২৪ জুলাই সকালে সীমানা বিরোধের জেরে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে বৃদ্ধ মোহাম্মদ আলীকে (৭০) চাইনিজ কুড়াল ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। ওই দিনই নিহতের মেয়ে মর্জিনা আক্তার সদর থানায় মামলা
করেন। টাঙ্গাইল প্রতিনিধি।
চালককে হত্যা করে সিএনজি ছিনতাই
বগুড়ার সারিয়াকান্দিতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে সিএনজিচালক আব্দুল মান্নানকে (৪৫) শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার সকালে উপজেলার দড়িপাড়া গ্রামের কৈ-খালি বিলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মান্নান গাবতলী উপজেলার মালিয়াডাঙ্গা গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং বগুড়া জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন। পরিবার জানায়, রোববার সকালে চেলোপাড়া স্ট্যান্ড থেকে সারিয়াকান্দি রুটে গাড়ি নিয়ে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে স্থানীয়রা বিলে লাশ দেখে পুলিশে খবর দিলে স্বজনরা গিয়ে শনাক্ত করেন। সারিয়াকান্দি থানার ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে। বগুড়া অফিস ও সারিয়াকান্দি সংবাদদাতা।
জেলা প্রশাসক-চেয়ারম্যানদের মতবিনিময়
নীলফামারী জেলা পরিষদের কার্যক্রমকে আরো গতিশীল, বেগবান ও জনমুখী করার লক্ষ্যে সদর উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী। মতবিনিময় সভায় সদর উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা অংশ নিয়ে নিজ নিজ এলাকার নানা সমস্যা, জনসেবামূলক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। এছাড়া জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ড কিভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় কার্যকরভাবে পৌঁছে দেয়া যায়, সে বিষয়েও পরামর্শ নেয়া হয়। প্রশাসক মিজানুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের সাথে জেলা পরিষদের সমন্বয় ও যোগাযোগ অব্যাহত থাকলে গ্রামীণ উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল হবে এবং জনগণ এর সুফল পাবে। নীলফামারী প্রতিনিধি।