আজ ফরিদুর রেজা সাগরের জন্মদিন
Printed Edition
ছোটকাকুর স্রষ্টা এবং বিশিষ্ট শিশুসাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের জন্মদিন আজ। রাষ্ট্রীয় সম্মান একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং প্রযোজক ও কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই গুণী ব্যক্তিত্বের জন্ম ১৯৫৫ সালের ২২ ফেব্রুয়ারি।
ছোটবেলা থেকে তিনি কেন্দ্রীয় কচিকাঁচার মেলা, চাঁদের হাট এবং বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই শিশু-কিশোর উপযোগী বিভিন্ন অনুষ্ঠানের সাথে জড়িত ছিলেন। প্রায় দেড় শতাধিক বইয়ের লেখক ফরিদুর রেজা সাগর লিখেছেন, মুক্তিযুদ্ধের গল্প, রহস্য উপন্যাস, ছোটগল্প, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা। বাংলা টেলিভিশনের ৫০ বছর তার বিখ্যাত একটি বই। মা রাবেয়া খাতুন রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পুরস্কার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রাপ্ত লেখক। বাবা ফজলুল হক দেশের প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক-প্রকাশক এবং প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্টের নির্মাতা। স্ত্রী কনা রেজা, দুই কন্যা মেঘনা-মোহনা। দুই নাতি-নাতনী মায়রা ও মায়রন এবং দুই জামাতা নিয়ে তার যাপিত জীবন। এ মাসেই প্রকাশিত হতে যাচ্ছে শতজনকে নিয়ে তার লেখা স্মৃতিকথামুলক গ্রন্থ ‘প্রিয়জন আপনজন’। বিজ্ঞপ্তি।