রিয়াদে নিহতদের মধ্যে ৯ বাংলাদেশীর লাশ দেশে এসেছে

Printed Edition
back-3
সৌদি আরবে আগুনে নিহত চারজনের লাশ শাহজালাল বিমানবন্দরে পৌঁছলে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের একটি সোফা কারখানায় আগুনে নিহত ১৬ বাংলাদেশী শ্রমিকের মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের লাশ দেশে এসেছে।

গতকাল বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩৪০) একটি ফ্লাইটে তাদের লাশ ঢাকায় পৌঁছায়। লাশগুলো গ্রহণ করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগেই বিমানবন্দরে উপস্থিত হন।

নিহত ৯ জনের মধ্যে সাতজনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়, অন্য দু’জন নাটোর ও রাজশাহীর বলে বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে স্বজনরা লাশ গ্রহণ করে নিজ নিজ এলাকার উদ্দেশে রওনা হন। এ সময় বিমানবন্দরের পরিবেশ ভারী হয়ে ওঠে।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশীর মৃত্যু হয়। এ সময় এক বাংলাদেশী চুল কাটাতে গেলে প্রাণে বাঁচেন। পরে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় শনাক্ত করা হয়।