সাবালেঙ্কার দাপুটে জয়
Printed Edition
ক্রীড়া ডেস্ক
ইউএস ওপেনের চতুর্থ দিনে নারী ও পুরুষ এককের শীর্ষ তারকারা নিজেদের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন। দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা মাত্র ৫৩ মিনিটে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতে নিয়েছেন। অন্য দিকে পুরুষ এককে গতবারের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ এক সেট পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। তবে দিনের অন্যতম আলোচিত ঘটনা ছিল দানিয়িল মেদভেদেভের ম্যাচে পাখির কারণে খেলা সাময়িক বন্ধ হয়ে যাওয়া।
বিশ্বের এক নম্বর সাবালেঙ্কা রুশ বাছাই পোলিনা ইয়াতচেঙ্কোকে ৬-১, ৬-১ গেমে উড়িয়ে দেন। ২২ বছর বয়সী ইয়াতচেঙ্কো বিশ্বের ১৬০ নম্বর খেলোয়াড় হওয়ায় ম্যাচটি সাবালেঙ্কার জন্য বড় পরীক্ষা ছিল না। তবে দুর্দান্ত জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে তার। ইউএস ওপেনে টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে এগিয়ে চলা সাবালেঙ্কা এবার তৃতীয় রাউন্ডে খেলবেন উজবেকিস্তানের কামিলা রাখিমোভার বিপক্ষে। তবে ম্যাচের পর সংবাদ সম্মেলনে কিছুটা উত্তেজিত দেখা যায় সাবালেঙ্কাকে। প্রস্তুতির সময় তিনি নাকি অনেক পার্টি করেছেন এমন ইঙ্গিতপূর্ণ প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। সাবালেঙ্কা বলেন, ব্র্যান্ডের সাথে বিভিন্ন কার্যক্রমের ছবি পোস্ট করলেই যে তিনি অনুশীলন করেননি, এমনটা ভাবার কারণ নেই। পুরুষ এককে আলকারাজকে অবশ্য কঠিন লড়াই করতে হয়েছে। পর্তুগালের জায়মে ফারিয়ার বিপক্ষে প্রথম সেট ৪-৬ ব্যবধানে হারলেও পরের তিন সেটে দাপট দেখিয়ে ৪-৬, ৬-০, ৬-৩, ৬-২ ব্যবধানে জয় পান স্প্যানিশ তারকা। দীর্ঘদিনের কবজির চোট কাটিয়ে ফেরার পর এটি তার আত্মবিশ্বাস আরো বাড়াবে। তৃতীয় রাউন্ডে চীনের উ ইবিংয়ের মুখোমুখি হবেন তিনি।
এদিকে দানিল মেদভেদেভ ৬-১, ৬-৩, ৭-৫ সেটে যুক্তরাষ্ট্রের ওয়াইল্ডকার্ড সেবাস্তিয়ান গর্জনিকে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন। ম্যাচে দ্বিতীয় সেটে দুই পাখি নেটের ওপর বসে পড়ায় অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। আম্পায়ার পয়েন্টটি পুনরায় খেলার সিদ্ধান্ত দিলে ক্ষুব্ধ হন মেদভেদেভ। শেষ পর্যন্ত অবশ্য সেই ঘটনা তার জয় ঠেকাতে পারেনি। অন্য দিকে ব্রিটিশ নারী টেনিসের জন্য দিনটি ছিল হতাশার। সপ্তম বাছাই ক্যারোলিনা মুচোভার কাছে মাত্র ৫৮ মিনিটে ৬-১, ৬-০ ব্যবধানে হেরে বিদায় নিয়েছেন ব্রিটিশ এক নম্বর কেটি বোল্টার। ম্যাচে আটটি ডাবল ফল্ট করেন তিনি এবং সাতটি ব্রেক পয়েন্টের একটিও বাঁচাতে পারেননি। তবে ব্রিটিশ ফ্রান্সেসকা জোন্স বৃষ্টিতে স্থগিত হওয়া ম্যাচে ঘুরে দাঁড়িয়ে প্রথম রাউন্ডে জয় পেয়েছেন। ফলে ইউএস ওপেনে বড় তারকাদের পাশাপাশি চমক ও নাটকীয়তাও অব্যাহত রয়েছে।