ভাষা আন্দোলনের মূল স্পিরিট ন্যায় ও ন্যায্যতাকে প্রতিষ্ঠা করা : চবি ভিসি

Printed Edition

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসি প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, ভাষা আন্দোলনের মূল স্লোগান ছিল ‘সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে হবে’। আমরা সেটা এত বছরেও বাস্তবায়ন করতে পারিনি। ভাষা আন্দোলনের মূল স্পিরিট হলো অন্যায়কে মেনে না নিয়ে ন্যায় ও ন্যায্যতাকে প্রতিষ্ঠা করা। অন্যায়কে রুখে দেয়া। সেই স্পিরিট আমরা ধরে রাখতে পারিনি। ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য ও থিম আমরা পূরণ করতে পারিনি। এজন্য ভাষা শহীদদের প্রতি ক্ষমা চাইছি এবং সবাইকে মাতৃভাষার প্রতি সম্মান রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

আমাদের চারপাশে বিদেশী ভাষার চর্চা বেড়েছে। এটা দোষের কিছু না, কিন্তু নিজের মাতৃভাষাকে সমভাবে প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে অনেক সময় ঘাটতি লক্ষ্য করা গেছে।

গতকাল নিজ দফতরের সম্মেলনকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চবি প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে ভিসি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কাকরাইলে আমাদের একটি আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা কেন্দ্র করা হয়েছে। কিন্তু এটির কার্যক্রমে আমি সন্তুষ্ট না। তিনি বলেন, আজ সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। কিন্তু অনেকেই জানেন না কেন ভাষা দিবস পালন করা হচ্ছে।

অনুষ্ঠানের আহ্বায়ক ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আল-আমীন অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রোভিসি (অ্যাকাডেমি) ড. মোহাম্মদ শামীম উদ্দিন, প্রোভিসি (প্রশাসন) ড. মো: কামাল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ জি এম নিয়াজ উদ্দিন, পদার্থবিদ্যা বিভাগের সভাপতি প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো: আনোয়ার হোসেন, অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ, চবি ক্লাবের (ক্যাম্পাস) সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ মনিরুল ইসলাম, চাকসু জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজ শুভ্র ও চবি কর্মচারী সমিতির সহসভাপতি মো: আমির হোসেন। বিজ্ঞপ্তি।