বিএমইউর সি ব্লকে আইসিইউ-১ উদ্বোধন ও নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণ
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউর সি ব্লকে ১০ম তলায় শনিবার ১১ শয্যাবিশিষ্ট আইসিইউ-১ এর উদ্বোধন ও সম্পন্ন হওয়া পাঁচটি কোর্সের ৮১ জন নার্সের মধ্যে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ করা হয়েছে। সি ব্লকের অধ্যাপক ডা: সামাদ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী। অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: মনির হোসেন খান, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সভাপতি রোটারিয়ান খালিদ হাসান। অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া এবং ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা: মো: হাসনুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রিজিওনাল অ্যানেসথেসিয়া ও পেইন মেডিসিন ডিভিশনের প্রধান অধ্যাপক ডা: এ কে এম আখতারুজ্জামান, সার্জিক্যাল অনকোলজিস্ট ডা: মো: জাহাঙ্গীর হোসেন, অ্যানেসথেসিয়া বিভাগের অধ্যাপক ডা: মন্তোষ কুমার মণ্ডল, অধ্যাপক ডা: দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক ডা: রেফায়েত উল্লাহ সিদ্দিক, সহকারী অধ্যাপক ডা: তাজ উদ্দিন আহমেদ প্রমুখসহ উক্ত বিভাগের সম্মানিত শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ছাত্রছাত্রী ও নার্সরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণের মেয়াদ আরো দীর্ঘ এবং আধুনিকায়নের বিষয়ে বিএমইউ প্রশাসন থেকে সব রকমের সহায়তা প্রদান করা হবে। একটি হাসপাতালের চিকিৎসাসেবার মান ও চিকিৎসা ব্যবস্থাপনা নির্ভর করে চিকিৎসক ও নার্সদের ওপরে। মুমূর্ষু রোগীদের সেবায় প্রশিক্ষিত ও দক্ষ নার্সিং সেবার প্রয়োজনীয়তা অপরিহার্য। এখানে নার্সিং সেবার প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। রোগীদের প্রয়োজনেই এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখা হবে। বিজ্ঞপ্তি।