ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করেছেন মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহিল বাকী নদভী। তিনি বিদায়ী মহাপরিচালক ও সিনিয়র জেলা ও দায়রা জজ আ: ছালাম খানের স্থলাভিষিক্ত হলেন। এর আগে গত ২১ মে জনপ্রশাসন মন্ত্রণালয় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকীকে এই পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করে।

উল্লেখ্য, নবনিযুক্ত মহাপরিচালক ১৯৯৬ সালের ৪ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সেন্ট্রাল শরীয়া বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের জেনারেল সেক্রেটারি এবং স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির শরীয়া বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন কওমি মাদ্রাসার শায়খুল হাদিস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শরীয়া বিশেষজ্ঞ হিসেবেও তিনি যুক্ত রয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক পরিচিতি সভায় মিলিত হন নতুন মহাপরিচালক। এই পদে একজন আলেমকে নিয়োগ দেয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মুফতি মুহিব্বুল্লাহিল বাকী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ইসলামিক ফাউন্ডেশনকে কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিবর্তে এটিকে দেশের আলেম-ওলামা, ইসলামিক চিন্তাবিদ ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে আরো কার্যকর ও জনমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে চান। তিনি সংস্থায় পরিচ্ছন্ন কর্মপরিবেশ, শৃঙ্খলা ও বিধি-বিধানের আলোকে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন এবং সবাইকে সাথে নিয়ে নতুন উদ্যমে কর্মপরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদায়ী মহাপরিচালক আ: ছালাম খান, ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)’ প্রকল্পের পরিচালক এস. এম. তরিকুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক হাজেরা খাতুন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো: আব্দুল হামিদ খান, অনুবাদ ও সংকলন বিভাগের পরিচালক মো: আনিসুজ্জামান সিকদার, জাকাত ফান্ড ও গবেষণা বিভাগের পরিচালক ড. ওয়ালীয়ুর রহমান খান এবং ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম। সমন্বয় বিভাগের পরিচালক মো: মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।