তীব্র যানজটে ভোগান্তি

নোয়াখালী বিভাগ দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকাস্থ নোয়াখালীবাসী। শুক্রবার বিকেলে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। অবরোধে শাহবাগসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী, চালক এবং পথচারীরা।

সরেজমিন দেখা যায়, অবরোধের কারণে শাহবাগ থেকে গুলিস্তান, ধানমন্ডি এবং গাবতলীসহ বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে ফার্মগেট, হাতিরপুল ও সায়েদাবাদ এলাকার সড়কগুলোতেও। ছুটির দিনে কেনাকাটা ও ঘুরতে বের হওয়া অনেকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

শাহবাগ মোড়ের আশপাশে থাকা কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে জরুরি অ্যাম্বুলেন্স যানজটে আটকে থাকতে দেখা যায়। চিকিৎসা নিতে আসা সাধারণ রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েন।

আন্দোলনকারীরা জানান, নোয়াখালীকে দ্রুত পৃথক প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণা করার দাবিতে পূর্বঘোষিত এ কর্মসূচি জুমার নামাজ শেষে শাহবাগে সড়কে অবস্থান নেয়। নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলা থেকেও অনেকে এসেছেন এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে। আন্দোলনকারীরা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে ‘দাবি মোদের একটাই, নোয়াখালী বিভাগ চাই’ স্লোগান দেয়।

বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে দীর্ঘ দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।