জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমানে নারী যাত্রীর মৃত্যু

Printed Edition

বিশেষ সংবাদদাতা

বিমানের ফ্লাইটের ভেতরে আকস্মিক অসুস্থ হয়ে মারা যাওয়া চট্টগ্রামের বাসিন্দা ছানোয়ারা বেগমের (৫৫) লাশ ওমানের একটি হাসপাতালের মরচুয়ারিতে রয়েছে। রয়্যাল ওমান সরকারের ছাড়পত্র পেলেই তার লাশ বিমানের ফ্লাইটে চট্টগ্রামে আনার ব্যবস্থা করা হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার (জনসংযোগ) মহিউদ্দিন আহমেদ নয়া দিগন্তকে বলেন, জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-১৩৬) একটি ফ্লাইটে একজন মহিলা যাত্রী অসুস্থ হয়ে পড়লে ওই এয়ারক্রাফটের পাইলট অনুমতি নিয়ে ওমানের মাস্কাট বিমানবন্দরে জরুরি অবতরণ করান। ওই ফ্লাইটে তার (যাত্রী) ছেলেও ছিলেন। তার সাথে যোগাযোগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ওমানের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স দিলেই আমরা তার লাশ স্বজনদের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা করব।

এক প্রশ্নের জবাবে মহিউদ্দিন আহমেদ বলেন, জেদ্দা থেকে ছেড়ে আসা ফ্লাইটটি মাস্কাটের কাছাকাছি আসার পরই কেবিন ক্রুদের কাছে অসুস্থতার কথা জানান ওই যাত্রী। পাইলট পরিস্থিতি বুঝে মাস্কাটেই অবতরণের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, গত বুধবার জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা নিয়মিত ফ্লাইটে এ অনাকাক্সিক্ষত ঘটনাটি ঘটে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল সাংবাদিকদের জানান, মৃত যাত্রীর লাশ বাংলাদেশে পাঠাতে ওমানের বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগের প্রক্রিয়া চলছে।