মাদারীপুরে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু, এলাকায় উত্তেজনা সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন
Printed Edition
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত আব্বাস চৌধুরী (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আব্বাস চৌধুরী ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের মৃত মোসলেম চৌধুরীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আবুল জমাদ্দারের সাথে একই এলাকার শহীদ মাতুব্বার ও আব্বাস চৌধুরীর সাথে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়াসহ হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
বুধবার বেলা ১২টার দিকে আব্বাস চৌধুরীসহ বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। পরে গুরতর অবস্থায় আব্বাসকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় আব্বাসকে। রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ খবর ছড়িয়ে পড়লে ফের এলাকায় উত্তেজনা দেখা যায়। মোতায়েন করা হয় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সেনাবাহিনীকে সাথে নিয়ে বাড়ানো হয়েছে পুলিশি টহল।