মুসলিম দেশগুলোর সমন্বিত পরিবহন ব্যবস্থার আহ্বান এরদোগানের

Printed Edition

আরটি নিউজ

মুসলিম বিশ্বের অর্থনৈতিক সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সদস্য দেশগুলোর মধ্যে একটি শক্তিশালী ও সমন্বিত পরিবহনব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। ইস্তাম্বুলে আয়োজিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পরিবহনমন্ত্রীদের এক সম্মেলনে পাঠানো ভিডিওবার্তায় তিনি এই গুরুত্বারোপ করেন।

প্রেসিডেন্ট এরদোগান বলেন, এশিয়া থেকে আফ্রিকা এবং ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিশাল ভৌগোলিক এলাকাজুড়ে মুসলিম দেশগুলোর অবস্থান। এই অঞ্চলের প্রাকৃতিক করিডোর, গতিশীল তরুণ জনশক্তি এবং দ্রুত বর্ধনশীল বাজারগুলোকে কৌশলগত শক্তিতে রূপান্তর করতে হলে একটি দক্ষ ও নির্ভরযোগ্য যোগাযোগ নেটওয়ার্ক অপরিহার্য।

তুর্কিয়ে প্রেসিডেন্ট বলেন, সদস্য দেশগুলোর মধ্যে মহাসড়ক, রেলপথ, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরগুলোর সংযোগ শক্তিশালী হলে তা কেবল বাণিজ্যিক লেনদেনই বাড়াবে না, বরং দেশগুলোর মধ্যে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়াকেও ত্বরান্বিত করবে। নিজের দেশের অবকাঠামোগত উন্নয়নের উদাহরণ টেনে তিনি বলেন, মারমারে রেল টানেল, ইউরেশিয়া টানেল এবং বড় বড় সেতু নির্মাণের মাধ্যমে তুরস্ক ইতোমধ্যে বৈশ্বিক বাণিজ্যপথে নিজেদের অবস্থান দৃঢ় করেছে।