বাগেরহাটের ৩ আসনে জামায়াত ১টিতে বিএনপির জয়
Printed Edition
বাগেরহাট প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে বিএনপির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ফল ঘোষণা করেন।
বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) : আসনে জামায়াতের মাওলানা মশিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৭ হাজার ৯৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৫৯০ ভোট। তিন উপজেলা নিয়ে গঠিত এ আসনে ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) : আসনে জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৬ হাজার ৩৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ২৭৪ ভোট। এ আসনে ব্যবধান ৫০ হাজার ৯৬ ভোট।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) : আসনে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম ধানের শীষ প্রতীকে এক লাখ তিন হাজার ৭১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ৭০৫ ভোট।
বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) : আসনে জামায়াতের আব্দুল আলিম দাঁড়িপাল্লা প্রতীকে এক লাখ ১৬ হাজার ৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট। এখানে ব্যবধান ১৭ হাজার ৭৪১ ভোট। জেলায় ৫৪৭টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ, পরে গণনা শেষে রাতে ফল ঘোষণা করা হয়।