নীলফামারীতে আ’লীগ নেতার বিএনপিতে যোগদান ঘিরে বিতর্ক

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ এলাকার কৃষক আবু বক্কর সিদ্দিক হত্যা মামলাসহ তিনটি মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বিএনপিতে যোগদান করেছেন। গত মঙ্গলবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে নীলফামারী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি ও তার ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য বিএনপিতে যোগ দেন।

হেদায়েত আলী শাহ ফকির জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা কৃষক লীগের সহসভাপতি ছিলেন। এ ছাড়া সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুরের ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিলেন।

মামলার সূত্রে জানা গেছে, রামগঞ্জে কৃষক আবু বক্কর সিদ্দিক হত্যা মামলায় (জিআর-৩২০/২৪) তিনি এজাহারভুক্ত আসামি। এ ছাড়া ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা (জিআর-২৬৯/২৪) এবং জেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় (জিআর-২৬৭/২৪)ও তার নাম রয়েছে। এসব মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

হত্যামামলার আসামির বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই বিষয়টিকে বিতর্কিত আখ্যা দিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্যসচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেলসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।