নড়াইলে পোড়া তেলে ইফতার প্রস্তুত : ৪০ হাজার টাকা জরিমানা

Printed Edition

নড়াইল প্রতিনিধি

পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী প্রস্তুতের অভিযোগে নড়াইল শহরে একটি মিষ্টান্ন ভাণ্ডার ও হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেলে ভাজা ইফতার ও অন্যান্য খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়।

গত বৃহস্পতিবার বিকেলে শহরের রূপগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার এবিএম মনোয়ারুল আলম। অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপরে জেলা কার্যালয়ের কর্মকর্তা ও স্যানিটারি ইন্সপেক্টররা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পোড়া তেল ও বাসি উপকরণ দিয়ে ইফতার তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়ায় নড়াইল মিষ্টান্ন ভাণ্ডারকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।

এর আগে একই দিন দুপুরে রূপগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরণ অধিদফতর অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে তিনজন ফল ও সবজি ব্যবসায়ীকে মোট সাত হাজার টাকা জরিমানা করে। এর মধ্যে ফিরোজ ফল ভাণ্ডারকে পাঁচ হাজার, আলম ফল ভাণ্ডারকে এক হাজার এবং আমির হামজা সবজি ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের সহকারী পরিচালক শামীম হাসান বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম সহনীয় রাখা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।