খাদ্যে ভেজাল না দেয়া ও মূল্য সহনীয় রাখতে আহ্বান ডিএমপি কমিশনারের

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্যপণ্যে কোনো ধরনের ভেজাল মেশানো ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো: সাজ্জাত আলী। গতকাল শুক্রবার চকবাজার এলাকার মৌলভীবাজারে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান।

ডিএমপি কমিশনার বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য যেন সহনশীল থাকে এবং খাদ্যে কোনোরূপ ভেজাল না দেয়া হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য সবার সহযোগিতা কামনা করছি। এখানে ব্যবসায়ীদের সাথে ম্যাজিস্ট্রেটের সমস্যা হয়েছে। ব্যবসায়ীদের সাথে ম্যাজিস্ট্রেটের যেই অনাকাক্সিত ঘটনা ঘটেছে, আমি চাই উভয়ের মধ্যে সরি বলে মীমাংসা করে ফেলেন। এ ধরনের ঘটনা আবারো না ঘটে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। আমি এ ক্ষেত্রে সব ব্যবাসায়ীর সহযোগিতা কমনা করছি।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ভোক্তা অধিকার সংরণ অধিদফতরের ম্যাজিস্ট্রেট যখন বাজারে অভিযান পরিচালনা করবেন, তখন পূর্ণ সহযোগিতা করতে হবে। এতে বাজারে স্বচ্ছতা ও ন্যায্যমূল্য নিশ্চিত হবে। যারা খাদ্যে ভেজাল দেন, তারা আমাদের শত্রু। কেউ রোজা রেখে খাদ্যের দাম বাড়িয়ে দিলে তার রোজা হবে না। কারণ রোজার প্রধান শর্ত হলো হালাল রুজি খেতে হবে। আমি প্রধানমন্ত্রীর বক্তব্যকে পুনরাবৃত্তি করে বলতে চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আইন দিয়েই দেশ পরিচালিত হবে।