হাসিনা আমলে বিদ্যুতে আরোপিত অতিরিক্ত চার্জ প্রত্যাহার করা হবে : ইকবাল হাসান মাহমুদ টুকু

Printed Edition

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, হাসিনা আমলে বিদ্যুতের ওপর অতিরিক্ত চার্জ শিগগিরই প্রত্যাহার করা হবে। অতিরিক্ত চার্জ প্রত্যাহার করার জন্য ইতোমধ্যেই কমিটি গঠন করা হয়েছে। বিগত ১৭ বছরে শেখ হাসিনা বিদ্যুৎ খাতে ব্যাপক লুটপাট করেছে। বিদ্যুৎ খাতকে ধ্বংস করেছে। ক্যাপাসিটি চার্জের নামে হাসিনার ঘনিষ্ঠদেরকে লুটপাট ও টাকা পাচার করার সুযোগ দেয়া হয়েছিল। বিদ্যুৎ হচ্ছে দেশের উন্নয়নের চাবিকাঠি। এখন ভঙ্গুর বিদ্যুৎ খাতকে নতুন করে সাজাতে হবে।

গতকাল শুক্রবার সিরাজগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আাদায় করতে এসে খুৎবার পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে মন্ত্রী এ কথা বলেন। বিদ্যুৎ মন্ত্রী বলেন, চাঁদাবাজি বন্ধে শহরের এস এস রোডের অবৈধ ফুটপাথ দখলমুক্ত করা হবে এবং ফুটপাথের দোকানদারদেরকে শহরের নির্দিষ্ট একটি স্থানে ব্যবসা করার সুযোগ দেয়া হবে। মন্ত্রী আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ শহরকে যানজটমুক্ত করার নির্দেশ দেন জেলা প্রশাসনকে।

সিরাজগঞ্জ শহরের পাড়ায়-মহল্লায় ঠুনকো কারণে সংঘর্ষের ঘটনা আর যাতে ঘটতে না পারে সে জন্য প্রশাসনকে ইতোমধ্যেই কঠোর পদপে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মাস্তান ও চাঁদাবাজদের দৌরাত্ম্য মূলোৎপাটন করার ল্েয যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি। সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি এখন দেশ গঠনে আত্মনিয়োগ করবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তারেক রহমান এখন উন্নত সমৃদ্ধ ও মানবিক নতুন বাংলাদেশ উপহার দেবেন। জুমার নামাজ শেষে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার নতুন সরকার, দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।