রাজবাড়ীতে মরহুম সাংবাদিকের জমি দখলের অভিযোগ
Printed Edition
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে দৈনিক ইনকিলাবের সাবেক জেলা প্রতিনিধি মরহুম সাংবাদিক মোমিনুল ইসলাম মানুর বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগে জড়িতদের গ্রেফতার, বিচার এবং দখলমুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
গত শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজবাড়ী শহরের পৌর মিলিনিয়াম মার্কেটের তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে সাংবাদিকের স্ত্রী পারভীন ইসলাম অভিযোগ করেন, স্বামী মোমিনুল ইসলাম ২০১৪ সালের ৩০ জুলাই মৃত্যুবরণ করার পর থেকেই তার ছোট ভাই শহীদুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার পৈত্রিক ভিটা থেকে তাদের উচ্ছেদের চেষ্টা চালিয়ে আসছে।
তিনি জানান, স্বামী জীবদ্দশায় বসতভিটার জমি হেবা দলিলের মাধ্যমে তার ও মেয়ের নামে রেজিস্ট্রি করে দেন। কিন্তু মৃত্যুর পর থেকেই ওই জমি দখলের চেষ্টা শুরু হয়। বিষয়টি নিয়ে ২০১৪ সালে থানায় সাধারণ ডায়েরিও করা হয়। সম্প্রতি অভিযুক্তরা বসতভিটার দু’টি ঘর ভাঙচুর করে জমি দখল করে প্রাচীর নির্মাণ করেছে বলে অভিযোগ করেন তিনি।