বাংলা ভাষার সাথে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ- এগুলোর সাথে বাংলার কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, এগুলো বললে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে, তারপরও আমি বলব। কারণ, আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।

গতকাল সকালে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ব্রিটিশরা এ দেশে অনেক ক্ষতি করে গেছে। শোষণ করার জন্য আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরা হয়েছিল। ৫২ সালে যারা জীবন দিয়েছে তারাই ভাষা রক্ষার বীজ বপন করে গিয়েছিল। তোমরা যারা তরুণ, তোমাদের ভাবতে হবে, না হলে কিন্তু আমাদের এক্সট্রিম রাইট চলে যাবে।

তিনি বলেন, নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা না করায় আমাদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে ওঠেনি। নিজের ভাষা ও নিজের দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে, অন্য কেউ এসে গড়ে দেবে না।

জেলা প্রশাসক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।