সাড়ে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ ৩ প্রতারক গ্রেফতার

Printed Edition

জামালপুর প্রতিনিধি

টিকটকের মাধ্যমে পরিচয় হওয়া এক ‘তান্ত্রিকের’ খপ্পরে পড়ে মা-বাবার জমানো সাড়ে ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা প্রতারক চক্রের হাতে তুলে দেয় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী। পিবিআই অভিযান চালিয়ে ওই প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেফতার এবং লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জামালপুর পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়

পিবিআই জানায়, শেরপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী লুবাবা (১২) পরিবারের ওপর অভিমান করে সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটাত। সেখানে পরিচয় হয় ‘খোরশেদ কবিরাজ’ নামে এক তান্ত্রিকের সাথে। চক্রটি তান্ত্রিক সেজে নানা সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে গত ৬ থেকে ৯ মার্চের মধ্যে ধাপে ধাপে দুই লাখ ৪৩ হাজার টাকা হাতিয়ে নেয় তারা। পরে আরো সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও এক লাখ টাকা নেয়।

পরবর্তীতে ওই কিশোরী আবারো টাকা পাঠাতে গেলে বিকাশ এজেন্টের সন্দেহ হয়। বিষয়টি জানাজানি হলে শেরপুর সদর থানায় মামলা করেন কিশোরীর বাবা। পিবিআই তদন্তে নেমে গাজীপুর ও ময়মনসিংহ থেকে মূল হোতা মনির হোসেনসহ তিনজনকে গ্রেফতার করে। মনিরের বাড়ির পাশের বাগানে মাটির নিচে পুঁতে রাখা ২৫ ভরি ৯ আনা স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মালামালের বাজারমূল্য প্রায় ৬৪ লাখ টাকা। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।