২১ ফেব্রুয়ারি এক দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখা সূক্ষ্ম আধিপত্যবাদী ও অভিসন্ধি : অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব
Printed Edition
প্রতি বছর ২১ ফেব্রুয়ারি এলে আমরা এক দিনের জন্য ফরমায়েশি বাঙালি সেজে উঠি এবং সংস্কৃতির নামে নানা অপসংস্কৃতির চর্চা করি- এটি মূলত ৯০ শতাংশের এ মুসলিম দেশে সূক্ষ্ম আধিপত্যবাদী ও ভূরাজনৈতিক অভিসন্ধির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ বিজ্ঞানী এবং ভূরাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রব।
২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গতকাল আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো: মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ মো: মনিরুল ইসলাম, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো: মিজানুর রহমান এবং সিএসই বিভাগের অধ্যাপক ড. রমিত আজাদ। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ।পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার রফিকুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক কামরুজ্জামান খিজরি। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান পরিবেশন করে খুদে অতিথি শিল্পী উমামা, রুহামা ও সাদিয়া। বিজ্ঞপ্তি।