ডেলয়েটের শীর্ষ ফিনটেক পুরস্কার পেল বাংলাদেশী উদ্যোক্তাদের ‘ফান্ডেডনেক্সট’

Printed Edition

বাংলাদেশী দুই তরুণ উদ্যোক্তার হাত ধরে প্রতিষ্ঠিত ফিনটেক প্রতিষ্ঠান ‘ফান্ডেডনেক্সট’ মধ্যপ্রাচ্য ও সাইপ্রাস অঞ্চলের মর্যাদাপূর্ণ ‘ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০’ তালিকায় শীর্ষ ফিনটেক প্রতিষ্ঠানের পুরস্কার অর্জন করেছে। একই সাথে সামগ্রিক তালিকায় প্রতিষ্ঠানটি দ্বিতীয় স্থান লাভ করেছে। সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এই প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছে। বিশ্বের শীর্ষ চার পেশাদার সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের (বিগ ফোর) অন্যতম ‘ডেলয়েট’ মূলত বিগত চার বছরের স্বাধীনভাবে নিরীক্ষিত আয়ের প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে এই মর্যাদাপূর্ণ র‌্যাংকিং প্রকাশ করে।

একই সাথে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা (ইএমইএ) অঞ্চলের ২৪টি দেশের ৫০০টি দ্রুত বর্ধনশীল প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকা ‘ডেলয়েট টেকনোলজি ফাস্ট ৫০০’-এ ১১তম স্থান অর্জন করেছে ফান্ডেডনেক্সট। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির দুই প্রতিষ্ঠাতা সৈয়দ আবদুল্লাহ জায়েদ ও সৈয়দ আবদুল্লাহ গালিব প্রথম বাংলাদেশী উদ্যোক্তা হিসেবে এই আন্তর্জাতিক গৌরব অর্জন করলেন।

২০২২ সালে যাত্রা শুরু করা ফান্ডেডনেক্সট বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে সফলভাবে আর্থিক প্রযুক্তি সেবা দিয়ে আসছে। নেক্সট ভেঞ্চারসের পোর্টফোলিওভুক্ত এই প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত। এ ছাড়া মালয়েশিয়া, সাইপ্রাস ও শ্রীলঙ্কায় এর অপারেশনাল হাব থাকলেও মূল ব্যাক-অফিস হিসেবে কাজ করছে বাংলাদেশ। দেশের তথ্যপ্রযুক্তি খাতে ‘নেক্সট বাংলাদেশ লিমিটেড’ পাঁচ শতাধিক কর্মীর কর্মসংস্থানের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক রেমিট্যান্স আহরণ করে শীর্ষস্থানীয় অবদান রাখছে।

এই বৈশ্বিক অর্জন প্রসঙ্গে ফান্ডেডনেক্সটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আবদুল্লাহ জায়েদ বলেন, ‘ডেলয়েট ফাস্ট ৫০-এ স্থান পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। যেহেতু এই র‌্যাংকিং পুরোপুরি চার বছরের নিরীক্ষিত আয়ের প্রবৃদ্ধির ওপর নির্ভর করে তৈরি হয়, তাই এখানে কোনো পক্ষপাত বা প্রভাব বিস্তারের সুযোগ নেই। বাংলাদেশী উদ্যোক্তাদের একটি প্রতিষ্ঠান আজ ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দ্রুত বর্ধনশীল প্রযুক্তি সংস্থাগুলোর কাতারে শীর্ষস্থানে অবস্থান করছে, যা আমাদের দেশের আইটি খাতের জন্য এক বিশাল অনুপ্রেরণা।’ বিজ্ঞপ্তি।