আইআইইউসির প্রোভিসি হলেন প্রফেসর ড. হাসমত আলী
Printed Edition
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীকে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রোভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গত ১৬ ফেব্রুয়রি সহকারী সচিব মো: সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ৩২(১) অনুসারে আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের প্রস্তাবক্রমে আগামী চার বছর মেয়াদের জন্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলীর নিয়োগ রাষ্ট্রপতি ও আইআইইউসির চ্যান্সেলর অনুমোদন করেছেন।
প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ১৯৭৫ সালের ১১ আগস্ট কক্সবাজার সদরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আহমদ, মাতা আমিনা খাতুন। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে যথাক্রমে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি মুহাম্মদ মহসিন কলেজ থেকে মেধা তালিকায় উত্তীর্ণ হন। প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে বিবিএ অনার্স ডিগ্রি এবং মাস্টার্স সম্পন্ন করেন।
২৬ বছরের শিক্ষকতা জীবনের সমৃদ্ধ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী ২০০০ সালে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে তার পেশাগত জীবনের সূচনা করেন। ২০০৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করেন। ২০১৪ সালে তিনি ইউনিভার্সিটি সেইন্স মালয়েশিয়া থেকে পিএইচডি অর্জন করেন এবং ২০১৮ প্রফেসর হন। ২০২৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের প্রভোস্ট নিযুক্ত হন এবং ২০২৫ সালে সিন্ডিকেট সদস্য হন। বিজ্ঞপ্তি।