গাজীপুরে ৪টি আসনে বিএনপি একটিতে জামায়াতের জয়

Printed Edition

গাজীপুর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে। শুক্রবার ভোরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। জেলার মধ্যে সর্বোচ্চ ভোটে জয় পেয়েছেন গাজীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু। পাঁচটি আসনে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটি করপোরেশনের একাংশ) : এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মজিবুর রহমান (ধানের শীষ) দুই লাখ আট হাজার ৬৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াত প্রার্থী শাহ আলম বকশী (দাঁড়িপাল্লা), তিনি পেয়েছেন এক লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।

গাজীপুর-২ (গাজীপুর সিটি করপোরেশন) : বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি (ধানের শীষ) এক লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে এবং গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান (শাপলা কলি) পেয়েছেন এক লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।

গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা, সদর উপজেলার ৩ ইউনিয়ন ও নগরীর একাংশ) : এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু এক লাখ ৬১ হাজার ২৫৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ এহসানুল হক (রিকশা), তিনি পেয়েছেন ৯৯ হাজার ৩৫৪ ভোট।

গাজীপুর-৪ (কাপাসিয়া) : জামায়াত প্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সালাউদ্দিন আইয়ুবী (দাঁড়িপাল্লা) এক লাখ এক হাজার ৭৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, তিনি ৯০ হাজার ৩৯০ ভোট পেয়েছেন।

গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা, বাড়িয়া ইউনিয়ন ও সিটির ৪০-৪২ নম্বর ওয়ার্ড) : বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ) এক লাখ ৩২ হাজার ৮৯১ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত প্রার্থী খায়রুল হাসান (দাঁড়িপাল্লা), তিনি পেয়েছেন ৭৬ হাজার ৭৭৬ ভোট।

গাজীপুরে মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৪ হাজার ৩৪৯ জন এবং নারী ভোটার ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৯ জন।