কুমিল্লায় ১৪৫৮ জন পেল কৃষিকার্ড

Printed Edition

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ১৪৫৮ জন কৃষকের মাঝে কৃষিকার্ড বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকায় এ কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, কৃষি খাতে উৎপাদন ব্যয় কমাতে ডিপটিউবওয়েল ও শ্যালো মেশিনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য কৃষকদের ভর্তুকি দেয়া হবে। অর্ধেক খরচে সোলার সুবিধা পাবেন তারা। কৃষকদের সেচ খরচ কমাতে ধাপে ধাপে সোলার সিস্টেমে রূপান্তর করা হবে। এতে জ্বালানি নির্ভরতা কমবে এবং কৃষি উৎপাদন আরো লাভজনক হবে।

তিনি আরো বলেন, বিএনপির ৩১ দফার অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড দেয়া। তখন এ উদ্যোগ নিয়ে সমালোচনা হলেও সরকার গঠনের পর দ্রুতই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। ভোটের কালি শুকানোর আগেই সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রেজা হাসান।