রমজানের প্রথম জুমায় মসজিদে মুসল্লিদের ঢল

Printed Edition
Font-2
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজানের প্রথম জুমায় গতকাল মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। অধিকাংশ মসজিদে তিল ধারণের ঠাঁই ছিল না। মসজিদ থেকে রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ে জুমার ব্যাপ্তি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গতকাল দুপুর ১২টার আগে থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন। বেলা ১টা বাজার আগেই কানায় কানায় ভরে যায় পুরো মসজিদ। পরে জামাত শুরু হলে মসজিদ চত্বর এলাকাও লোকে লোকারণ্য হয়ে যায়। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররম মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ। কথা হয় শান্তিনগর এলাকা থেকে আগত মুসল্লি বিপ্লব হোসেনের সাথে। তিনি বলেন, রমজানের সবগুলো জুমার নামাজ বায়তুল মোকাররমে পড়ার চেষ্টা করি, তাই আজ চলে এলাম। ধানমন্ডি থেকে এসেছেন মুসল্লি শফিকুল ইসলাম। তিনি বলেন, বায়তুল মোকাররমে নামাজ পড়ার শান্তিটাই অন্যরকম। তাই জুমা পড়তে এখানে চলে এসেছি। আরেক মুসল্লি রাহাদ হোসাইন বলেন, পল্টনেই আমার অফিস। বায়তুল মোকাররমে বিশাল আকারে জুমার নামাজ আদায় করতে ভালো লাগে, তাই চলে আসা।