কুমিল্লা-৫ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৮ জনের জামানত বাজেয়াপ্ত
Printed Edition
বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১০ প্রার্থীর মধ্যে আটজনই জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মূল প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যে; বাকি প্রার্থীরা ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে পারেননি। জানা যায়, বুড়িচং উপজেলায় মোট ভোট পড়েছে এক লাখ ৪৮ হাজার ৫৮৯টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় এক লাখ ১৩ হাজার ৫৯৬টি। দুই উপজেলায় মোট ভোটের সংখ্যা দাঁড়ায় দুই লাখ ৬২ হাজার ১৮৫।
নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে এ আসনে ন্যূনতম ৩২ হাজার ৭৩৭ ভোট না পেলে জামানত থাকবে না। দুই উপজেলার ফলাফল ও পোস্টাল ভোট মিলিয়ে বিএনপির প্রার্থী জসিম উদ্দিন এক লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. মোবারক হোসেন পেয়েছেন এক লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজা হাসান বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত আব্দুল্লাহ আল ক্বাফী (৩৩৪ ভোট), বাংলাদেশ মুসলিম লীগ-এর আবুল কালাম ইদ্রিস (১৪৫ ভোট), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর তানজিল আহমেদ (১৬২ ভোট), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আবুল বাশার (৯৭ ভোট), জাতীয় পার্টির ইমরান উল হক (৬৭২ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রাশেদুল ইসলাম (১,৪৫১ ভোট), আমার বাংলাদেশ পার্টির (এ বি পার্টি) জোবায়ের আহমেদ ভূঁইয়া (২,০০৯ ভোট) এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) শিরীন আক্তার (১৩৭ ভোট)।