দুর্নীতির মামলা থেকে নেতানিয়াহুকে ক্ষমার পক্ষে ট্রাম্প
Printed Edition
রয়টার্স
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর পক্ষে অবস্থান নিয়ে তাকে দুর্নীতির মামলা থেকে ক্ষমা দেয়ার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ট্রাম্প এ মন্তব্য করেছেন।
অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, যুদ্ধকালীন সময়ে নেতানিয়াহু একজন ‘দারুণ প্রধানমন্ত্রী’ হিসেবে কাজ করেছেন। এ জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির অভিযোগের জন্য ক্ষমা পাওয়া উচিত। এ সময় তিনি ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ-এর সমালোচনা করে বলেছেন, নেতানিয়াহুকে এখনও ক্ষমা না দেয়ায় ইসরাইলের জনগণের উচিত হার্জগকে লজ্জা দেয়া।
বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সাথে বৈঠক করেন নেতানিয়াহু। ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইস্যুতে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে এ বৈঠক হয়। ট্রাম্প দায়িত্ব নেয়ার পর দুই নেতার মধ্যে এটি ছিল সপ্তম বৈঠক।
রয়টার্স ট্রাম্পের এ মন্তব্য নিয়ে জানতে চাইলে আইজ্যাক হার্জগ-এর দফতর জানিয়েছে, বেনিয়ামিন নেতানিয়াহুর আবেদন আইনি মতামতের জন্য ইসরাইলের বিচার মন্ত্রণালয়ে পর্যালোচনায় রয়েছে। প্রক্রিয়া শেষ হলে প্রেসিডেন্ট বিষয়টি বিবেচনা করবেন।
হার্জগের দফতরের বিবৃতিতে আরো বলা হয়, ইসরাইল একটি সার্বভৌম রাষ্ট্র, যা আইনের শাসনের ভিত্তিতে পরিচালিত।