কুমিল্লায় অবৈধ গ্যাস সংযোগ: চুন কারখানা গুঁড়িয়ে দিলো বাখরাবাদ
Printed Edition
কুমিল্লা প্রতিনিধি
অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের অভিযোগে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি চুন কারখানা গুঁড়িয়ে দিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাতিসা ইউনিয়নের আটগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন। বিজিডিসিএলের ভিজিল্যান্স বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী আব্দুর রাজ্জাক জানান, অবৈধভাবে বিজিডিসিএলের আট ইঞ্চি বিতরণ পাইপলাইনে ছিদ্র করে কারখানাটি গ্যাস সংযোগ নেয়। প্রথম দফায় গত ১৫ ডিসেম্বর কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই সময় চারজনকে আটক করে মোট ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুনরায় অবৈধ সংযোগ গ্রহণ করায় গত ৩০ ডিসেম্বর আবারো গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
গতকাল বুধবারের অভিযানে এক্সাভেটরের মাধ্যমে চুন কারখানার বাউন্ডারি দেয়াল ও তিনটি সনাতনী ফার্নেস গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় বিজিডিসিএল ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী ছগীর আহমেদ, ব্যবস্থাপক মোহাম্মদ জাকারিয়া, সেলিম খান, আরিফুজ্জামান হামিদী, উপ-ব্যবস্থাপক আব্দুর রউফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।