চসিকের ২ হাজার ২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
আজ থেকে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুই হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মেয়র শাহাদাত হোসেন এই বাজেট ঘোষণা করেন। একই সাথে সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে এক হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ টাকার সংশোধিত বাজেটও ঘোষণা করেন মেয়র। যদিও মূল বাজেট ছিল দুই হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার।
ঘোষিত বাজেটের মধ্যে এক হাজার ১৯৭ কোটি ৬২ লাখ টাকা নিজস্ব উৎস থেকে আয়ের পরিকল্পনার কথা জানিয়েছে চসিক। এর মধ্যে গৃহকরসহ কর বাবদ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮১১ কোটি ৯০ লাখ টাকা। আর উন্নয়ন অনুদান খাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৭৫ কোটি টাকা, যা মূলত সরকারি তহবিল থেকে পাওয়ার আশা করছে সিটি করপোরেশন। বাজেটে পরিচালন ও রক্ষণাবেক্ষণ খাতে মোট ব্যয় হবে ৮২৭ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে বেতন-ভাতা খাতে ব্যয় হবে ৪৮০ কোটি ৮৫ লাখ টাকা। এ ছাড়া উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৩৫ কোটি টাকা। ছয়টি প্রকল্পসহ সিটি করপোরেশনের রাস্তাঘাট নির্মাণ, সংস্কার, বিভিন্ন স্থাপনা নির্মাণ খাতে এই টাকা খরচ করা হবে। এ ছাড়া দেনা পরিশোধে ব্যয় করা হবে ১৮৪ কোটি টাকা।
এবারের বাজেটে চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এ খাতে ১১২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সর্বশেষ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৭৫ কোটি টাকা। যদিও শেষ পর্যন্ত খরচ হয়েছে ৬৫ কোটি টাকা। বাজেটে মশকনিধন খাতকেও গুরুত্ব দেয়া হয়েছে। চলতি অর্থবছরের জন্য মশকনিধন খাতে বরাদ্দ ধরা হয়েছে ২৫ কোটি টাকা, যা সদ্য সমাপ্ত অর্থবছরে ৯ কোটি টাকা বরাদ্দ রেখেছিল সিটি করপোরেশন। যদিও খরচ করা হয়েছে ৫ কোটি ৩৮ লাখ টাকা।
এ সময় মেয়র আগামী ১২ জুলাই নগরবাসীর জন্য ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপস চালুর ঘোষণা দেন।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। এ সময় প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো: হুমায়ুন কবির চৌধুরীসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।