চাঁদাবাজরাই এখন নিরাপত্তার ঠিকাদার সেজে ভোট চাচ্ছে : গোলাম পরওয়ার
Printed Edition
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ডুমুরিয়ায় যারা প্রকাশ্যে চাঁদাবাজি, দোকান ভাঙচুর ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন চালিয়েছে, তারাই এখন আবার নিরাপত্তার ‘ঠিকাদার’ সেজে ভোট প্রার্থনা করছে। রোববার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার, চুকনগর ও কৃষ্ণনগরসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ৫ আগস্টের পর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, শেখ হাসিনাও দেশ ছেড়েছিলেন। তাহলে সে সময় সাধারণ ব্যবসায়ী ও হিন্দুদের দোকানপাট ভাঙচুর এবং কয়েক লাখ টাকা চাঁদা আদায় করল কারা? তিনি বলেন, বহু হিন্দু ব্যবসায়ী আমাকে ফোন করে কেঁদেছেন। আমি জেল থেকে মুক্তি পেয়েই জামায়াত-শিবিরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি যাতে তারা মন্দিরে ও সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করে। অথচ যারা তখন ত্রাস সৃষ্টি করেছিল, তারাই এখন হিন্দুদের অভয় দিয়ে ভোট চাইছে। এটা চরম বিস্ময়কর!
নির্বাচন সামনে রেখে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ বিতরণের নামে প্রতারণা করা হচ্ছে দাবি করে সাবেক এ এমপি বলেন, ১৮ কোটি মানুষের দেশে ৫০ কোটি কার্ড দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হচ্ছে। চার হাজার থেকে শুরু করে ২১ হাজার টাকা পর্যন্ত দেয়ার লোভ দেখিয়ে ভোট কেনাবেচার চেষ্টা চলছে। এসব নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। আমি ইতোমধ্যে ভিডিও প্রমাণসহ এসব অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছি। তিনি আরো বলেন, নারীদের টাকা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হলেও সচেতন মানুষ এখন সব বোঝে।
অতীতের স্মৃতিচারণ করে গোলাম পরওয়ার বলেন, এক সময় ডুমুরিয়া-ফুলতলা চরমপন্থীদের অভয়ারণ্য ছিল। তিনি সংসদ সদস্য থাকাকালীন নিজের জীবন বাজি রেখে এ এলাকাকে সন্ত্রাসমুক্ত করেছিলেন। গত ২০ বছর তিনি ক্ষমতায় না থাকায় আবারো সেই অপশক্তি মাথাচাড়া দিচ্ছে। এ ছাড়া বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে ব্যর্থদের সমালোচনা করে তিনি বলেন, আমি কৃষকের সন্তান, বিল ডাকাতিয়ার পানি আমার ঘরেও ওঠে। যারা দুর্নীতির টাকা দিয়ে ভোট কিনতে চায়, তারা ডুমুরিয়ার প্রকৃত সমস্যা জানে না।
আটলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মতিউর রহমানের সভাপতিত্বে চুকনগর বাজারের জনসভায় আরো বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, উপজেলা হিন্দু কমিটির সেক্রেটারি ডা: হরিদাস মন্ডল, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইউসুফ ফকির এবং খেলাফত মজলিসের মাওলানা শরিফুল ইসলামসহ স্থানীয় নেতারা।
এর আগে সকালে জগেন্দ্রনাথ মন্ডলবাড়িতে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিশেষ উঠান বৈঠক ও চুকনগরে পথসভা অনুষ্ঠিত হয়। বক্তব্যের শেষে তিনি দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মানবিক ডুমুরিয়া গড়তে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।