দশমিনায় চাপিলা নামে চলছে জাটকা নিধন
Printed Edition
দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর দশমিনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চাপিলা নামে জাটকা নিধন চলছে। ইলিশের এই ছোট পোনা চাপিলা ও চাপলি নাম দিয়ে ঢাকা-সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি মাছের বাজারে পাঠানো হচ্ছে।
স্থানীয়রা জানান, তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদীতে জাটকা রক্ষায় মৎস্য বিভাগের কর্যকর পদক্ষেপ না থাকায় দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া, কেজিরহাট, হাজিরহাট, গোলখালী, কাটাখালী, কালারানী, পাতারচর, চরঘূর্নী ও নদীবেষ্টিত চরবোরহান ইউনিয়নের নদীতে ছোট ফাঁসের কারেন্ট জাল ফেলে অবাধে জাটকা শিকার করছেন জেলেরা। পাশাপাশি এসব নদ-নদীতে বাঁধা জাল ও বেহুন্দীজাল ফেলে আড়াই থেকে তিন ইঞ্চি মাপের ইলিশের পোনা নিধন করছে, যা চাপিলা ও চাপলি নামে বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।
তেঁতুলিয়া নদীর জেলে আরিফ হোসেন বলেন, আমরা আগে বড় ইলিশ পেতাম এখন আমাদের জালে ছোট ইলিশ বেশি ধরা পড়ছে। আবার অনেক জেলে মশারি জাল দিয়ে মাছ শিকার করছে। অন্য আরেক জেলে ফিরোজ বলেন, নিষেধাজ্ঞা থাকলেও কিছু জেলে কারেন্ট জাল ব্যবহার করে নদীতে মাছ শিকার করেন। প্রশাসনের নজরদারি না থাকায় চাপিলা নামে জাটকা নিধন হচ্ছে। চাপিলা ও চাপলি নামের মাছগুলোর বড় অংশ ইলিশের পোনা। যা ধরা, বহন করা ও বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ বলে দাবি করে সচেতন মহল। এ বিষয়ে দশমিনা উপজেলা মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন মুঠোফোনে কোনো মন্তব্য করতে রাজি হননি।