নেপাল-বাংলাদেশ সম্পর্ক প্রতিবেশীসুলভ বন্ধুত্বের অনুকরণীয় মডেল- রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী
Printed Edition
কূটনৈতিক প্রতিবেদক
নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী নেপাল ও বাংলাদেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্বকে পারস্পরিক বিশ্বাস, সদিচ্ছা ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা প্রতিবেশীসুলভ বন্ধুত্বের এক ‘অনুকরণীয় মডেল’ হিসেবে আখ্যায়িত করেছেন।
গতকাল ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ২০২৬ সালের কোর্সের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘কনটেম্পোরারি নেপাল : ইটস ফরেন পলিসি, সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ডাইমেনশনস, নেপাল-বাংলাদেশ রিলেশনস’ বিষয়ক লেকচারে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
লেকচারে রাষ্ট্রদূত ভাণ্ডারী নেপালের পররাষ্ট্রনীতির বিবর্তন, কূটনৈতিক সম্পৃক্ততা এবং জাতীয় নিরাপত্তা নীতি তুলে ধরেন। তিনি আর্থ-সামাজিক রূপান্তর ত্বরান্বিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে নেপালের উন্নয়ন অগ্রাধিকার ও চলমান পদক্ষেপগুলোর ওপর আলোকপাত করেন।
রাষ্ট্রদূত বলেন, বিভিন্ন খাতে পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে নেপাল ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরো জোরদার হচ্ছে।
লেকচার শেষে একটি প্রশ্নোত্তর পর্বে অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রদূত ভাণ্ডারী কোর্সে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।