রাবি ছাত্রদল নেতার আবেদনে হল সংসদ ভিপির সিট বাতিল

Printed Edition

রাবি প্রতিনিধি

হল থেকে ব্যক্তিগত তথ্যের নথি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে সৈয়দ আমীর আলী হল সংসদের ভিপি মো: নাঈম ইসলামের আবাসিকতা বাতিল করেছেন প্রাধ্যক্ষ। সোমবার হল প্রাধ্যক্ষ ড. মোহাম্মদ হারুনর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার সিট বাতিলের বিষয়টি জানানো হয়।

খোঁজ নিয়ে জানা যায়, দরিদ্র কোটায় আবেদন করে হলে ওঠেন হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমির হামজা। এই তথ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ওই হল সংসদের ভিপি নাঈম ইসলাম। এর পরিপ্রেক্ষিতে ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে হল প্রাধ্যক্ষ বরাবর নাঈম ইসলামের হলের আবাসিকতা বাতিলের আবেদন করেন ওই ছাত্রদল নেতা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন আবাসিক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য হল কর্তৃপক্ষের বিনা অনুমতিতে হস্তগত ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেছেন, যা হলের শৃঙ্খলা ভঙ্গের শামিল ও প্রশাসনিক বিধিবিধানের পরিপন্থী। এমতাবস্থায় অভিযোগকারী শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ও হল প্রশাসনের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আপনার আবাসিকতা বাতিল করা হলো। অতএব, আপনাকে আগামী ২ জুলাইয়ের মধ্যে আপনার দখলে থাকা ২৪৮ নং কক্ষটি খালি করে হল ত্যাগের নির্দেশ দেয়া হলো।

জানতে চাইলে হল সংসদের সহসভাপতি (ভিপি) মো: নাঈম ইসলাম বলেন, হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: আমির হামজার ডকুমেন্টস অফিস থেকে সংগ্রহ করি। তখন দেখতে পাই সে দারিদ্র্য কোটায় সিট পেয়েছে। অথচ তার চলাফেরা দেখে বুঝা যায় যে, সে এই প্রক্রিয়ায় হলে সিট পাওয়ার যোগ্য নয়।