কাজী জাফর আহমদের জন্মবার্ষিকী আজ
Printed Edition
নয়া দিগন্ত ডেস্ক
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদের ৮৭তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া কাজীবাড়িতে দিনব্যাপী পবিত্র কুরআন তেলাওয়াত, কবর জিয়ারত, বাদ আছর দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে মরহুমের রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের অংশ নিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক ছাত্রনেতা কাজী মোহাম্মদ নাহিদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
কাজী জাফর আহমদ ১৯৩৯ সালের ১ জুলাই কুমিল্লার প্রখ্যাত চিওড়া কাজীবাড়িতে জন্মগ্রহণ করেন। পরে তিনি খুলনা জেলা স্কুল থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর রাজশাহী সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ অনার্স ও এম এ (ইতিহাস) পাস করেন।
১৯৫৫ সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন। ১৯৬২-১৯৬৩ সালে অবিভক্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের (এপসু) সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭২-১৯৭৪ সালে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদক ছিলেন। তখন মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সভাপতি। এরপর ১৯৭৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি ইউনাইটেড পিপলস্ পার্টির (ইউপিপি) প্রথমে সাধারণ সম্পাদক ও পরে চেয়ারম্যান হন। তিনি ১৯৭৮ সালে জিয়াউর রহমানের মন্ত্রীপরিষদের শিক্ষামন্ত্রী হন। ১৯৮৬ সালে জাতীয় পার্টির (জাপা) জন্মলগ্ন থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডিয়াম সদস্য ছিলেন। ১৯৮৬-১৯৯৬ পর্যন্ত পরপর তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৯-১৯৯০ সালে বাংলাদেশের অষ্টম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।